চালক মামার সঙ্গে ট্রাকে করে ঘুরতে বের হয়েছিল কিশোর, দুর্ঘটনায় মৃত্যু

জাহিদুল ইসলামছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখতে ট্রাকচালক মামার সঙ্গে বের হয়েছিল জাহিদুল ইসলাম (১৪) নামের এক কিশোর। পাঁচ দিন পর তার বাড়ি ফেরার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগে সে ফিরল লাশ হয়ে। গতকাল শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

জাহিদুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার সাঁকোয়া গ্রামের কৃষক রেজাউল করিমের ছেলে। স্থানীয় সাঁকোয়া উচ্চবিদ্যালয় থেকে এবার তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

নিহত জাহিদুল বড় ভাই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, তিন দিন আগে তাঁদের মামা ট্রাকচালক সোহেল রানার সঙ্গে চট্টগ্রামে ঘুরতে যায় জাহিদুল। মামার ট্রাকেই থাকত সে। পাঁচ দিন পর বাড়ি ফেরার কথা ছিল। গত শুক্রবার রাতে ট্রাকটি চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। ট্রাকের ভেতরে ঘুমিয়ে ছিল জাহিদুল। গতকাল ভোরে কুমিল্লা এলাকায় আরেকটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ট্রাকচালক মামা সোহেল রানা বলেন, ট্রাকে মালামাল নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তাতেই রাত কাটে। অনেক এলাকা দেখা যায়। এ জন্য ভাগনে তাঁর সঙ্গে এসেছিল। আজ রোববার তাঁদের বাড়িতে ফেরার কথা ছিল।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।