ভোটে নানা অনিয়মের অভিযোগে সারা দেশে আটক অন্তত ৩৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে দেশের ১২টি জেলায় অন্তত ৩৪ জনকে আটক করা হয়েছে।
ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার আবদুল জব্বার কলেজ কেন্দ্র থেকে আবদুল হালিম নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজটির পুরুষ কেন্দ্রের ১ নম্বর বুথ থেকে তাঁকে আটক করা হয়। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. জুয়েল রানা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুল হালিম এক ভোটারকে একসঙ্গে দুটি ব্যালট পেপার দেন। বিষয়টি নজরে আসার পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এ ছাড়া একই কেন্দ্রে ভোটকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে ছবি তোলার সময় এক ভোটারকে আটক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ভোলা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা সোহাগ সিকদারকেও (৪৬) আটক করা হয়েছে। কলাপাড়ার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বেলায়েত হোসেন (৪৬) নামে একজনকে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক করা হয়েছে বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম।
নোয়াখালী
নোয়াখালী-৬ আসনের হাতিয়া উপজেলার একটি কেন্দ্রে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে একজন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে। তাঁর নাম রিজিয়া সুলতানা। তিনি উপজেলার সৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ হাতিয়া শহরের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
সিল মারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, আজ দুপুরের দিকে রিজিয়া সুলতানা প্রকাশ্যে ভোটারের ব্যালট পেপারে সিল মারছিলেন। বিষয়টি ভোট কক্ষে উপস্থিত কেউ একজন মুঠোফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। এ নিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করার পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে অভিযুক্ত রিজিয়া সুলতানা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিন মাস বয়সের নবজাতক সন্তানকে নিয়ে আসা একজন নারী ভোটারের অনুরোধে তিনি তাঁর ব্যালটে সিল মেরে দেন।
রাঙামাটি
রাঙামাটি শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাঁর নাম শফিউল বশর (১৯)। প্রিসাইডিং কর্মকর্তা মো. টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, টিপুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাভার (ঢাকা)
ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক দুটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর তাদের আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও নলাম ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করেন সেনাবাহিনীর একটি দল। পরে তাদের আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা।
ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটকদের মধ্যে চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মূলত এই চারজন না বুঝে কেন্দ্রে এজেন্টের কাগজ আনতে গিয়েছিলেন। এরপরও ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
ফরিদপুর-২
ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আজ উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম ও বিএনপির কর্মী মো. রবিউল।
মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলায় ভোট দিয়ে ফেরার পথে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ দুপুরে উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে।
নেত্রকোনা
নেত্রকোনা-৪ আসনের মোহনগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে এক কিশোরকে আটক করা হয়েছে। আজ উপজেলার বড়তলি-বানিয়াহারি ইউনিয়নের কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেন।
শেরপুর
শেরপুর-১ আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়।
রাজশাহী
রাজশাহীর চারঘাট উপজেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে তাঁরা চারঘাট উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকেন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আকরামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
রংপুর
রংপুর-১ আসনে ভোটগ্রহণ চলাকালে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আজ দুপুরে রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে থেকে তাঁকে আটক করা হয়েছে। আটক হাবিবুর রহমান বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গঙ্গাচড়ার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর ছবুর বলেন, হাবিবুর রহমানকে সাড়ে ৪টার দিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তবে তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগকারী পাওয়া যায়নি। তাঁর ব্যাপারে একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে কিছু ছড়ানো দেখা যাচ্ছিল। কিন্তু সেটা টাকা কিনা বোঝা যায়নি।
সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম কিশোরদের আটকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বেলা ২টার দিকে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরকে জাল ভোট দিতে যায়। পরে তাদের আটক করা হয়।