পাঁচজনকে চাপা দেওয়া সেই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী গ্রেপ্তার
যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় সেই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করে মনিরামপুর থানার পুলিশ। বিকেলে তাঁদের মনিরামপুর থানায় আনা হয়।
গ্রেপ্তার কাভার্ড ভ্যানের চালকের নাম আলমগীর হোসেন (২৩)। তাঁর সহকারীর নাম আনোয়ার হোসেন (১৯)। আলমগীর নেত্রকোনার আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা। আনোয়ারের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুরা গ্রামে।
গত শুক্রবার মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের বেগারীতলা বাজারে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন নিহত হন। যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের পাশের একটি হোটেলে কাভার্ড ভ্যানটি ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ ঘটনার পর শুক্রবার রাতে নিহত হাবিবুর রহমানের ভাই ইব্রাহিম খলিল মনিরামপুর থানায় একটি মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আলমগীর হোসেন ও আনোয়ার হোসেনের অবস্থান শনাক্ত করে। এরপর আজ বেলা দেড়টার দিকে নান্দাইল উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁদের মনিরামপুর থানায় আনা হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আটক দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, হঠাৎ কাভার্ড ভ্যান মহাসড়কের পাশ দিয়ে হোটেলের মধ্যে ঢুকে যায়। এতে চাপা পড়ে পাঁচজন মারা গেছেন।
ওসি বলেন, কাল বুধবার তাঁদের আদালতে নেওয়া হবে। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতে তাঁদের রিমান্ড আবেদন করা হবে।