‘ডিবির তাড়া খেয়ে’ তুরাগে ঝাঁপ, ২৪ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় ‘গোয়েন্দা পুলিশের তাড়া খেয়ে’ তুরাগ নদে ঝাঁপ দেওয়া ব্যবসায়ী আমজাদ হোসেনের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। নদে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত আমজাদ হোসেনের বাড়ি গাজীপুর নগরের কাঁঠালিয়াপাড়ায়। তিনি নগরের কড্ডা এলাকায় বালুর ব্যবসা করেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে আছে।
নিখোঁজ ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসীর ভাষ্য, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কড্ডা এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন আমজাদ হোসেন। এ সময় গোয়েন্দা পুলিশের সাত-আটজন সদস্য মাইক্রোবাসে এসে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশ ঘিরে ফেলেন। একপর্যায়ে ডিবি পুলিশের সদস্যরা তাঁকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে আমজাদ তুরাগে ঝাঁপ দেন। পরে ডিবি পুলিশের সদস্যরা চলে গেলে স্বজন ও এলাকাবাসী রাতভর তুরাগ নদে তাঁকে খোঁজাখুঁজি করেন। তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার-পাঁচ কিলোমিটার দূরে কালাকৈর পাওয়ার প্ল্যান্টের পাশে তাঁর লাশ ভাসতে দেখা যায়। পরে ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, কারা ওই ব্যবসায়ীকে ধাওয়া করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সন্ধ্যায় তাঁর লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গাজীপুর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি) রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় গাজীপুর মহানগর পুলিশের একাধিক টহল দল মাঠে কাজ করছে। কোনো অপরাধী বা কেউ যদি আমাদের গাড়ি দেখে দৌড়ে পালিয়ে যায়, সে ক্ষেত্রে আমাদের কী করার থাকতে পারে?’