ছাত্রলীগ কর্মী ইভান হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে প্রায় এক বছর আগে ছুরিকাঘাতে খুন হওয়া কলেজছাত্র ও ছাত্রলীগ কর্মী আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হেমসেন লেইন এলাকা থেকে নিলয় দত্তকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পলাতক থাকা এজাহারভুক্ত আসামি নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আসকার হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এখন পর্যন্ত মোট ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসকারকে ছুরিকাঘাতকারী মোহনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বছরের ২২ এপ্রিল প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগ কর্মী আসকার। বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তিনি। আসকারের বাবা এস এম তারেক ওই হত্যাকাণ্ডের পর প্রথম আলোকে বলেছিলেন, অনেক চেষ্টা করেও ছেলেকে ফেরাতে পারেননি তিনি। আড্ডা, খারাপ বন্ধুদের কাছ থেকে দূরে রাখতে পারেননি।
পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত গত বছরের ২০ এপ্রিল। ওই দিন কাজীর দেউড়ি এলাকায় ধ্রুব নামের এক তরুণকে একা পেয়ে মারধর করেন আসকার। এর জেরে ২২ এপ্রিল সন্ধ্যার পর চেরাগী মোড়ে আসকারের বন্ধু অমিতকে মারধর করেন ধ্রুব। বিষয়টি জানার পর আসকার চেরাগী মোড়ে আসেন। সেখানে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে গেলে আসকারকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার এক দিন পর আসকারের বাবা কোতোয়ালি থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। আসামিদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে।
আরও পড়ুন: