কুষ্টিয়ায় চতুর্থ দিনে গড়াল বাস ‘ধর্মঘট’, পরিবহননেতাদের নিয়ে আবারও বৈঠক ডেকেছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মঘটের কারণে কুষ্টিয়ার মজমপুর বাস ডিপো থেকে খুলনা ও ফরিদপুরগামী কোনো বাস ছাড়ছে না
ছবি: প্রথম আলো

শ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে কুষ্টিয়ার বাস মালিক ও শ্রমিকদের ডাকা ‘ধর্মঘট’ চতুর্থ দিনে গড়াল। এ কারণে আজ সোমবারও কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আজ আবারও বাস মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে ডেকেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সভায় কুষ্টিয়ার পাশাপাশি ঝিনাইদহ জেলার পরিবহননেতারাও উপস্থিত থাকবেন।

এর আগে গত শনিবার বাসমালিক-শ্রমিকেরা জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, তাঁদের দাবি মেনে নেওয়া হলে যেকোনো সময় তাঁরা বাস ধর্মঘট প্রত্যাহার করবেন। তবে দাবি মানার বিষয়ে গতকাল রোববার রাত পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

আরও পড়ুন

জানতে চাইলে আজ সোমবার সকালে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম দুই জেলার বাস মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক করবেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বৈঠক হবে। আশা করা যাচ্ছে, আজকে একটা সমাধান হতে পারে।

আরও পড়ুন

গত শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ আছে। এতে ঝিনাইদহ, যশোর ও খুলনাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পরিবহননেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাইছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় কুষ্টিয়ার বাসশ্রমিক, মালিক মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। পরিবহনসংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কার্যালয়ে বৈঠক করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।

ফলে গত শুক্রবার সকালের পর খুলনা থেকে কোনো বাস কুষ্টিয়ায় আসছে না। কুষ্টিয়া থেকেও বাস খুলনায় যাচ্ছে না। একই সঙ্গে কুষ্টিয়া থেকে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন