কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে, মালিকদের ডেকেছেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস ধর্মঘটের কারণে কুষ্টিয়ার মজমপুর বাস ডিপো থেকে আজও কোনো বাস ছেড়ে যায়নি
ছবি: প্রথম আলো

বাসশ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে হওয়া জটিলতায় কুষ্টিয়ার বাসমালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘট’ দ্বিতীয় দিনের মতো চলছে। এ কারণে আজ শনিবার কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রীরা। গতকাল শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ আছে।

বাস মালিক ও শ্রমিক সমিতির নেতারা বলছেন, আজ দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম তাঁদের বৈঠকের জন্য ডেকেছেন। সেখানে যাবেন তাঁরা। সেখানে কী সিদ্ধান্ত হবে, তা পরে জানানো হবে।

আরও পড়ুন

আজ বেলা সোয়া ১১টার দিকে মজমপুরে কুষ্টিয়া বাস মালিক গ্রুপের কার্যালয়ে গিয়ে দেখা যায়, ডিপোতে বিভিন্ন বাসের চালক ও শ্রমিকেরা বসে আছেন। দ্বিতীয় তলায় গ্রুপের সভাপতির কার্যালয়ে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের শীর্ষ নেতারা বসে আছেন।

তাঁরা বলছেন, কুষ্টিয়া থেকে প্রতিদিন সকাল সোয়া পাঁচটার দিকে খুলনা রুটে বাস চলাচল শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩৬টি গাড়ি খুলনাতে যায়। বাসগুলো ঝিনাইদহ ও যশোরের ওপর দিয়ে খুলনায় যায়। আবার একইভাবে কুষ্টিয়ায় ফিরে আসে। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে ঝিনাইদহের বাস মালিক ও শ্রমিকেরা বাধা দিয়ে নিজেদের অন্তত ১৫টি বাস এই রুটে চলাচল করান। এতে কুষ্টিয়ার বাসের সংখ্যা ২১ টিতে নেমে আসে। ঝিনাইদহে মালিক-শ্রমিকেরা আরও একটি বাস নামাতে চাচ্ছেন। একইভাবে কুষ্টিয়া থেকে ফরিদপুর রুটে ঝিনাইদহ হয়ে নয়টি বাস যায়। এর মধ্যে তিনটি বাস ঝিনাইদহের মালিকদের।

কুষ্টিয়া জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম প্রথম আলোকে বলেন, সাধারণত রুট শুরু হয় যেখান থেকে সেই জেলার বাস চলে। ঝিনাইদহ থেকে খুলনাতে কোনো বাস গেলে সমস্যা নেই। কিন্তু কুষ্টিয়া থেকে ঝিনাইদহের রুট চালু হবে এটা হতে পারে না। জেলা প্রশাসক ডেকেছেন সেখানে যাওয়া হচ্ছে। পরে বৈঠক সম্পর্কে জানানো হবে। তবে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

বাসচালক আইয়ুব আলী বলেন, বাস বন্ধ থাকলে যাত্রীদের মতো তাদেরও সমস্যা হয়। যেদিন বাস বন্ধ থাকে, সেদিন কোনো আয় থাকে না। দ্রুত সমস্যার সমাধান তারাও চান।

মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় বাসশ্রমিক, মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। পরিবহনসংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কার্যালয়ে বৈঠক করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।
পরিবহনমালিক ও শ্রমিকদের এমন সিদ্ধান্তের কারণে খুলনা থেকে কুষ্টিয়ায় কোনো বাস আসছে না। কুষ্টিয়া থেকেও বাস খুলনায় যাচ্ছে না। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. আখতারুজ্জামান বলেন, বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী রোববারের মধ্যে পুলিশ গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন