পুড়ে ফেটে গেছে সেমি পাকা ঘরের দেয়াল। সেখানে নতুন করে প্লাস্টার লাগিয়ে চলছে মেরামতের চেষ্টা। পাশেই ঘরের ছাউনির জন্য নতুন টিন এনে রাখা হয়েছে। টিন লাগোনোর জন্য নতুন করে প্রস্তুত করা হচ্ছে কাঠের বাতা। বাড়ির নারী সদস্যরা পুড়ে যাওয়া আসবাব পরিষ্কার করছেন। এসব কাজের দেখভাল করছেন বাড়ির মালিক মোরশেদ মিয়া (৬৫)। ঠুক-ঠাক শব্দ আর লোকজনের পদচারণে যেন নতুন করে জেগে উঠছে পুড়ে যাওয়া নিস্তব্ধ বাড়িটি।
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় অগ্নিসংযোগে পঞ্চগড় শহরের পাশে আহম্মদনগর এলাকায় মোরশেদ মিয়ার বাড়ি পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যায় মোরশেদের তিনটি গরু। এ ঘটনার পর প্রায় এক মাস কেটে গেছে। রাতে ঘুমানোর জায়গা না থাকায় এখনো পরিাবরের সবাই মসজিদ-মাদ্রাসায় থাকছেন। তবে এখন বাড়ি মেরামত করে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চলছে বলে জানালেন মোরশেদ।
গতকাল দুপুরে আহম্মদনগর এলাকায় গিয়ে দেখা গেছে, মোরশেদের মতো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ধীরে ধীরে আতঙ্ক কাটতে শুরু করেছে। তাই তাঁদের মধ্যে অনেকেই নিজ বসতভিটায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
মোরশেদ বলেন, ‘ঘটনার পর থেকেই জামেয়াতে (জামেয়া আহমদিয়া বাংলাদেশ, আহমদিয়াদের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান) আছি। সেখানে আমাদের খাওয়াচ্ছে। কিন্তু কত দিন আর সেখানে থাকব বলেন? ঘরবাড়ি তো ঠিক করতে হবে। সরকারি সহায়তার মধ্যে ৭৬ হাজার টাকা পেয়েছি। ওই টাকা দিয়েই আপাতত মাথা গোঁজার জন্য পুড়ে যাওয়া ঘর মেরামত শুরু করেছি।’
মোরশেদের সঙ্গে কথা বলার সময় পূর্ব দিক থেকে টিনে পেরেক মারার শব্দ ভেসে আসছিল। কাছে গিয়ে দেখা গেল, আগুনে পুড়ে যাওয়া নুর ইসলামের (৫৫) বাড়িতে নির্মাণশ্রমিকেরা তৈরি করছেন টিনের ঘর। পুড়ে বেঁকে যাওয়া পুরোনো টিন সরিয়ে রাখার কাজে শ্রমিকদের সঙ্গে নুর ইসলামও হাত লাগিয়েছেন। কাজ করতে করতে বললেন, ঘটনার দিন দুপুরে ঘরে তালা দিয়ে বাড়ির সবাই জলসায় গিয়েছিলেন। পরে বাড়িতে ফিরে দেখেন, ঘরের সিমেন্টের খুঁটিগুলো ছাড়া আর কিছুই নেই। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সরকারি সহায়তার ৩৭ হাজার টাকা পেয়েছেন তিনি। ওই টাকা দিয়ে নতুন করে ঘর তৈরি করছেন।
৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে করা বিক্ষোভ থেকে আহম্মদনগর, ফুলতলা, শালশিড়ি ও সোনাচান্দি এলাকার দুই শতাধিক ব্যক্তির বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়। আহমদিয়ারা ওই দিন দুপুরে বাড়িঘরে তালা দিয়ে জলসায় ছিলেন। এ সুযোগে বিকেল থেকেই দুষ্কৃতকারীরা তাঁদের বাড়িঘরে প্রথমে হামলা চালায়। লুট করে নিয়ে যায় সর্বস্ব। পরে বাড়িঘরে আগুন দিয়ে চলে যায় তারা।
আহমদিয়াদের হিসাব অনুযায়ী, আহম্মদনগর এলাকায় ২০৬টি বাড়ি, একটি ওয়াক্তিয়া মসজিদ ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা হয়। ক্ষতিগ্রস্ত এসব বাড়িঘরের তালিকা করে ক্ষয়ক্ষতি নিরূপণ করেছেন আহমদিয়া জামাতের নেতারা। এতে তাঁদের প্রায় ১০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন আহমদিয়ারা।
ঘটনার পর রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শাড়ি, লুঙ্গি, কম্বল, চাল ও নগদ টাকা দিয়ে সহায়তা করেছেন। এ ছাড়া ১৫ মার্চ প্রধানমন্ত্রীর তহবিল থেকে আহমদিয়াদের ১ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ২০৬ জন ব্যক্তির মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ৮০৩ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ ২৬ হাজার ৩৬৬ টাকার চেক প্রদান করা হয়।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে গঠন করা পাঁচ সদস্যের একটি ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটি তালিকা তৈরি করেছে। সেই তালিকা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা।
পঞ্চগড় শহরে থাকা আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের মালিকানাধীন ক্ষতিগ্রস্ত দোকানগুলোতেও কয়েক দিন ধরে মেরামতের কাজ শুরু হয়েছে। গতকাল দুপুরে জেলা শহরের সিনেমা হল রোডের আলোছায়া মার্কেটে ক্ষতিগ্রস্ত ‘খেলাঘর’ নামের দোকানটি মেরামত করছিলেন শ্রমিকেরা। দোকানের মালিক নাসের আহমদ বলেন, ‘আমাদের বাড়িঘর যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে দোকান ভেঙে মালামাল লুটপাট করা হয়েছে। কিছু মালামাল হামলাকারীরা পুড়িয়ে দিয়েছে। জীবন-জীবিকা চালাতে তো এসব মেরামত করতেই হবে। বাড়িঘরের সঙ্গে দোকানপাট মেরামত করে আমরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি।’
এদিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর এখন পর্যন্ত আহম্মদনগর, ফুলতলা, শালশিড়ি ও সোনাচান্দি এলাকায় পুলিশ সদস্যদের নজরদারি দেখা গেছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের মধ্যেও শঙ্কা কাটতে শুরু করেছে। সেই সঙ্গে তাঁরাও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রশাসন তাঁদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।