প্রশাসনসহ সংশ্লিষ্টদের উসকানিমূলক আচরণ না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বিভাগীয় গণসমাবেশ আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানাতে বিএনপির সংবাদ সম্মেলন। শুক্রবার দুপুরে খুলনার কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে উসকানিমূলক আচরণ না করে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক শামসুজ্জামান দুদু।

আজ শুক্রবার দুপুরে খুলনা মহানগরের কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু এ আহ্বান জানান। খুলনায় বিভাগীয় গণসমাবেশ আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন

শামসুজ্জামান দুদু বলেন, সমাবেশ বানচাল করতে বিভাগজুড়ে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। লঞ্চ, ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, বাগেরহাট, নড়াইল থেকে বিএনপির নেতা-কর্মীরা কি পায়ে হেঁটে আসবেন? নদী সাঁতরে খুলনায় আসবেন? এ কেমন মানসিকতা? স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য মহান মুক্তিযুদ্ধে এ দেশের শিশু, নারী-পুরুষ বুকের রক্ত দিয়েছিলেন। সেই দেশের এমন পরিস্থিতি কেন?

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ ও আওয়ামী লীগ সম্মিলিতভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সমাবেশে না যাওয়ার জন্য কঠোর হুমকি দিচ্ছেন। সমাবেশে গেলে পরিণতি অশুভ হবে বলে হুংকার ছাড়ছেন তাঁরা।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনের শুরুতে মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে নগরজুড়ে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। গতকাল সারা রাত পুলিশ শতাধিক বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে। বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ৬০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের তৎপরতায় বিভিন্ন এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে রামদা-হকিস্টিকসহ অস্ত্রের মহড়া চলছে। তিনি বলেন, মনে রাখতে হবে, এ সরকার শেষ সরকার নয়। এসব কাজের পরিণতি শুভ হবে না।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। গতকাল রাতে তিনি যেখানে অবস্থান করছিলেন, পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ রীতিমতো অপমান করেছে। এমন অপমানের মুখোমুখি তাঁকে হতে হবে কেন?

আরও পড়ুন

সমাবেশের অনুমতির ক্ষেত্রে অন্য জায়গায় প্রশাসন কালক্ষেপণ করলেও খুলনায় ব্যতিক্রম হয়েছে উল্লেখ করে শামসুজ্জামান বলেন, ‘খুলনায় অনুমতি চাওয়ামাত্র প্রশাসন অনুমতি দিয়েছে। এ জন্য দলের পক্ষ থেকে প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু তারপর থেকে ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। প্রশাসনকে বলব, যা হয়েছে হয়ে গেছে। এবার বন্ধ করেন। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দিন। উসকানি না দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, বেলা দুইটায় সমাবেশ শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এ সমাবেশ। জনদাবির সমর্থনের সঙ্গে শহীদ পাঁচ সহকর্মী হত্যার বিচারের দাবিতে আন্দোলন। এ সমাবেশ খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সমাবেশ। যেকোনো মূল্যে এ কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান, ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন