পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার ৫১ বস্তা টাকার সঙ্গে এক বস্তা চিঠি-চিরকুটও পাওয়া গেছে। এসবের কোনোটিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দালালের প্রতারণার বিচার চাওয়া হয়েছে। কোনোটিতে আছে প্রিয় মানুষের ভালোবাসা ও আপন করে পাওয়ার আকাঙ্ক্ষা। কেউবা চিরকুটে চিকন, সুন্দরী হওয়া বা রোগমুক্তির জন্য বাসনা প্রকাশ করেছেন। কেউ আবার পছন্দের ব্যক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়ে চিঠি লিখেছেন।
চার মাস ২৪ দিন পর আজ পাগলা মসজিদের ১৫টি সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে চিরকুট, স্বর্ণালংকার আলাদা করার পর সকাল সাড়ে সাতটা থেকে চলছে টাকা গণনা। গণনা শেষ হতে রাত ১০টা বেজে যেতে পারে।
একটি চিঠিতে একজন ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার কথা উল্লেখ করেছেন। হারানো টাকার বেদনা, প্রতারকদের বিচার এবং নিরাপদ বিদেশযাত্রার আকুতি জানিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন তিনি।
চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, তাঁর ইউরোপযাত্রা যেন সহজ ও নিরাপদ হয়। বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা নিশ্চিত করার পাশাপাশি কোনো বিদেশগামী যেন দালালের প্রতারণার শিকার না হন, সে জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি। চিঠির শেষে ওই ব্যক্তি নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’।
দানবাক্স থেকে এক প্রেমিকের আবেগঘন চিরকুট পাওয়া গেছে। তিনি লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ চিঠির শেষে স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে লেখা হয়েছে, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’
বড় এক চিঠিতে একজন স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চেয়েছেন। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর ২০ মাস বয়সী সন্তান শ্যালকের হাতে নির্যাতনের শিকার হয়েছে। স্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩ লাখ ৫৬ হাজার টাকা সরিয়ে নিয়েছেন এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে।
সব মিলিয়ে ওই ব্যক্তির দাবি, শ্বশুরবাড়ির লোকজনের কারণে তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা। এসব ঘটনায় বিচার ও নিজের হারানো সম্পদ ফিরে পাওয়ার আশায় পাগলা মসজিদে দান করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন তিনি।
পাগলা মসজিদের দানবাক্স চিঠি ও চিরকুট প্রসঙ্গে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, অল্প সময়ে মসজিদের দানবাক্স ভরে যাওয়ার কারণে এবার আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল। আগে যেখানে ১৩টি ছিল এবার সেখানে ১৫টি বাক্স। তবে চিঠি চিরকুট এসবের কারণে দানবাক্সে জায়গার সংকট হয়। এ ছাড়া এসব বিব্রতকর চিঠি কাউকে দানবাক্সে না দিতে প্রতিবারই বলা হচ্ছে। এসব অহেতুক চিঠির কারণে টাকা গণনায় ব্যাঘাত ঘটার পাশাপাশি গণনা সংশ্লিষ্ট লোকদের সময়ও নষ্ট হয়।
সোনার বাটি-চামচ
পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারের সঙ্গে পাওয়া গেছে সোনার একটি বাটি-চামচও। বিষয়টি উপস্থিত সবার মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
অনেকেই সেই সোনার চামচ ও বাটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। মসজিদ কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই অনেক স্বর্ণালংকার মিললেও এবারই প্রথম সোনার বাটি আর চামচ পাওয়া গেছে।
এর আগে চলতি বছরের ২৭ জুন ছয় মাস পর (১৮২ দিন) মসজিদের দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তা থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। টাকা ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।
টাকা, সোনা-রুপা ও বিভিন্ন দেশের মুদ্রা ছাড়াও মসজিদে নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ।