পাগলা মসজিদের সিন্দুকে এবার ৫১ বস্তা টাকা, সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা

পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। এখন চলছে গণনার কাজ। আজ শনিবার সকালে কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। প্রায় ৫ মাস পর এবার দানবাক্সগুলো খোলা হলো। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৭ জুন দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।

দানবাক্স থেকে টাকা ছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। মসজিদ কর্তৃপক্ষের আশা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এর আগে সর্বশেষ দানের সিন্দুক খুলে অন্তত ৪৩ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন

এবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ ছাড়া কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সকালে পাগলা মসজিদে গিয়ে দেখা যায়, প্রথমে লোহার দানবাক্স থেকে টাকাগুলো সংগ্রহ করে বস্তায় ভরা হয়। পরে সেগুলো মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।

প্রথমে লোহার দানবাক্স থেকে টাকাগুলো সংগ্রহ করে বস্তায় ভরা হয়
ছবি: প্রথম আলো

পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালানোর পর দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয় বলে জানান জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। তিনি বলেন, এ পর্যন্ত ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

সর্বশেষ ১২ অক্টোবর মসজিদটির দানবাক্সে পাওয়া যায় ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ প্রায় ২৫ কেজি সোনা–রুপা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। আজকের টাকা গণনা শেষে আগের টাকার সঙ্গে এই টাকাও ব্যাংকে জমা হবে। এ ছাড়া সোনা–রুপার বাজারমূল্য নির্ধারণ ও নিলাম কার্যক্রম চলমান।

প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ
ছবি: প্রথম আলো

পাগলা মসজিদে জমা হওয়া অর্থের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয় জানিয়ে জেলা প্রশাসক বলেন, পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরও সহায়তা করা হয়। মসজিদের পরিসর বাড়াতে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয় বলে প্রচলিত আছে। এ বিশ্বাস থেকে দূরদূরান্তের মানুষ এখানে দান করতে আসেন। নির্দিষ্ট সময় পরপর দানসিন্দুক খুলে পাওয়া যায় বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

আরও পড়ুন