চুরিতে বাধা দেওয়ায় হত্যাকাণ্ডের শিকার বৃদ্ধ দম্পতি: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার আসামিরা। মঙ্গলবার লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে
ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস আগে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি তালাবদ্ধ ঘর থেকে এক বৃদ্ধ দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন। কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছিল না। অবশেষে ওই হত্যা মামলায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা চুরিতে বাধা দেওয়ায় ওই দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশ দাবি করেছে।

আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আসামিদের প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ এ দাবি করেন। গত রোববার ও সোমবার রাতে আসামিদের গ্রেপ্তারের পর আজ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার আসামিরা হলেন সদর উপজেলার চররুহিতা এলাকার কামরুল হাসান (২২), একই এলাকার বেলাল হোসেন ওরফে বাহার (২৮), রুবেল হোসেন (২৫), শাকচর এলাকার কামরুল হাসান ওরফে জুয়েল (২১) একই এলাকার কাউছার হোসেন (২২) ও আবুল কাশেম ওরফে খোকন (৪৮)।

পুলিশ জানায়, গত বছরের ১৮ অক্টোবর সদর উপজেলার শাকচর গ্রামে নিজ বাড়ি থেকে অর্ধগলিত ও কাপড় প্যাঁচানো অবস্থায় ছিদ্দিক উল্লাহ (৭৩) ও তাঁর স্ত্রী আতেরুন নেছার (৬৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর ভাই মো. খোকন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় গত রোববার রাতে শহরের মাদাম এলাকা থেকে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, মৃত্যুর এক দিন আগে বৃদ্ধ ছিদ্দিক উল্লাহ কিছু জমি বিক্রি করেন। ওই জমি বিক্রির টাকা তিনি বাড়িতে রাখেন। ওই টাকা চুরির উদ্দেশ্যে রাতে ওই বাড়িতে ঢোকে আসামিরা। এ সময় চুরিতে বাধা দেন ছিদ্দিক উল্যাহ ও তাঁর স্ত্রী আতেরুন নেছা। তখন শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায় আসামিরা। ঘটনার তিন দিন পর বাড়ি থেকে ওই দম্পতির লাশ উদ্ধার হয়।

পুলিশ সুপারের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছেন। চুরির উদ্দেশ্যেই তাঁদের হত্যা করা হয়। ঘটনাটি নিয়ে পুলিশ আরও তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি।