কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিলঘুষি মারার ঘটনার প্রতিবাদে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে ঝাড়ু নিয়ে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চেয়ারম্যানের সমর্থকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার উপজেলার চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
এ সময় দেবীদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে দেবীদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত লোক মাধাইয়া বাসস্ট্যান্ডে জড়ো হন। এ সময় তাঁরা ঝাড়ু হাতে নিয়ে আসেন। এ সময় চার লেন মহাসড়কের উভয় পাশে যানজট দেখা দেয়। একপর্যায়ে তাঁরা সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল বের করেন। পরে তাঁরা সড়কের ওপর বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে দেবীদ্বার উপজেলার ভানী ইউপির চেয়ারম্যান জালাল উদ্দীন ভূঁইয়া, সুলতানপুর ইউপির চেয়ারম্যান হুমায়ূন কবির, বরকামতা ইউপির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউপির চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, রাজামেহার ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন সরকার, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী আশরাফ মেম্বার, বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম বক্তব্য দেন।
ভানী ইউপির চেয়ারম্যান জালাল উদ্দীন ভূঁইয়া বলেন, ‘আমরা সেদিনের ঘটনায় তীব্র নিন্দা জানাই। একজন এমপি কীভাবে একজন উপজেলা চেয়ারম্যানের ওপর হাত তুলতে পারেন।’
সুলতানপুর ইউপির চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন, ‘চেয়ারম্যান আবুল কালাম আজাদের ওপর এমপি রাজী ফখরুল যে হামলা করেছেন, আমরা তাঁর তীব্র নিন্দা জানাই। এর অংশ হিসেবে আমরা আজ মহাসড়কে বিক্ষোভ করছি।’
পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। কুমিল্লার দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের সরে যেতে বলে। বেলা সাড়ে ১১টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রসঙ্গত, ১৬ জুলাই বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার একপর্যায়ে সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিলঘুষি মারেন।