প্রশ্ন :
এই সময়ে জ্বর হলে করণীয় কী?
শ্যামল কৃষ্ণ মণ্ডল: জ্বর হলে প্রথমেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিচ্ছি আমরা। ডেঙ্গুর বিশেষ কিছু লক্ষণ রয়েছে, যেমন জ্বরের সঙ্গে শরীরব্যথা, ক্ষুধামান্দ্যের মতো সমস্যা। আমাদের সরকারি হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারগুলোতে যাঁরাই জ্বর নিয়ে আসছেন, তাঁদের দুটি পরীক্ষা করানোর অঘোষিত বাধ্যবাধকতা সবাই মেনে চলছেন।
প্রশ্ন :
দেশে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধির কারণ কী বলে মনে করেন?
শ্যামল কৃষ্ণ মণ্ডল: উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণে বাংলাদেশ মশা ও মশাবাহিত রোগ বিস্তারের জন্য উপযুক্ত জায়গা। উপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতার সঙ্গে যোগ হয়েছে আমাদের অপরিকল্পিত নগরায়ণ। ফলে ডেঙ্গু বিস্তৃতিকে ত্বরান্বিত করছে।
ডেঙ্গুর প্রকোপ কি এখন শুধু বর্ষা মৌসুমেই সীমাবদ্ধ আছে?
শ্যামল কৃষ্ণ মণ্ডল: সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে। তবে এবার আগেভাগেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আগে বলা হতো বর্ষাকালে, বিশেষত আগস্ট থেকে সেপ্টেম্বর হচ্ছে এডিস মশার ব্রিডিং সময়। এ সময় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ে। তবে সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়। প্রায় সারা বছরই এই জ্বরে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এর মানে হলো, ভাইরাস যেমন তার স্বভাব পাল্টাচ্ছে, তেমনি পাল্টাচ্ছে এডিস মশাও। এর একটি কারণ হলো, প্রায় সারা বছর খোঁড়াখুঁড়ি আর নির্মাণকাজের জন্য শহরে বিভিন্ন জায়গায় পানি জমে থাকা। তাই বর্ষাকাল ছাড়াও এডিস মশা প্রজননের জন্য উপযোগী পরিবেশ পাচ্ছে সারা বছর। এর প্রভাব পড়ছে সারা দেশেই।
প্রশ্ন :
বরিশাল বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে আপনি কী বলবেন?
শ্যামল কৃষ্ণ মণ্ডল: আসলে ডেঙ্গু বিস্তারের মূল ক্ষেত্র হচ্ছে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর। বরিশালে ২০১৯ সালে প্রথম ব্যাপকভাবে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ে। এর আগে এই বিভাগে ডেঙ্গুর কোনো ইতিহাস ছিল না। বরিশালে ডেঙ্গু প্রবণতা বৃদ্ধির পেছনে নানা ফ্যাক্টর কাজ করছে। এর মধ্যে অন্যতম হলো, নগরায়ণ ত্বরান্বিত হচ্ছে। গ্রামগুলোও শহরে পরিণত হচ্ছে। পাকা স্থাপনা নির্মাণ চলছে সারা বছর। পাশাপাশি পদ্মা সেতু হওয়ার পর প্রতিটি জেলার সঙ্গে রাজধানীসহ সারা দেশের শত শত বাস চলাচল করছে। প্রতিদিন ঢাকার লঞ্চ যোগাযোগও আছে। এসব যানবাহনে এডিস মশার বিস্তৃতি ঘটে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু বহনকারী রোগীরা এলাকায় যাতায়াত করায় তা ছড়িয়ে পড়ে। এবার পবিত্র ঈদুল আজহার পর ডেঙ্গুর ব্যাপক বিস্তৃতি এটাই প্রমাণ দেয়।
প্রশ্ন :
বরিশাল বিভাগে ডেঙ্গু চিকিৎসাব্যবস্থা ও ব্যবস্থাপনায় ঘাটতি আছে কি না?
শ্যামল কৃষ্ণ মণ্ডল: আমাদের জেলা ও উপজেলা হাসপাতালগুলোয় ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জনবলকে প্রশিক্ষিত করা হয়েছে। তাদের আরও একটি উচ্চতর প্রশিক্ষণের প্রক্রিয়া চলছে। তা ছাড়া আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিদিনই বিষয়গুলো নজরদারি করছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন, যাতে পরিস্থিতির অবনতি না হয় এবং চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে।
প্রশ্ন :
এবার যাঁরা আক্রান্ত, তাঁদের সবারই কি ভ্রমণের ইতিহাস আছে? নাকি স্থানীয়ভাবেও কেউ কেউ আক্রান্ত?
শ্যামল কৃষ্ণ মণ্ডল: বেশির ভাগেরই ভ্রমণের ইতিহাস আছে। তবে কিছু রোগীর ভ্রমণের ইতিহাস নেই। এটা অশনিসংকেত। পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রোগীর সংখ্যা অপেক্ষাকৃত বেশি। ওই উপজেলার বলদিয়া ইউনিয়নে নমুনা সংগ্রহের জন্য একটি দল গঠন করেছি। ওই কারিগরি দলটি আগামী তিন দিনের মধ্যে নমুনা সংগ্রহ করে লার্ভা শনাক্ত হয় কি না, সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। পরীক্ষা-নিরীক্ষা না করে এটা নিশ্চিত করে বলা অসম্ভব। তবে স্থানীয়ভাবে এডিস মশার বিস্তৃতি ঘটাটা অস্বাভাবিক নয়।
প্রশ্ন :
এটা প্রতিরোধে করণীয় কী?
শ্যামল কৃষ্ণ মণ্ডল: এটা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে এডিস মশার বিস্তার রোধ, লার্ভা ধ্বংস ও ব্যক্তিগত সচেতনতা। যাঁরা ডেঙ্গু আক্রান্ত, তাঁদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে মশা কামড়ে দিতে না পারে। এ জন্য মশারি ব্যবহার করা বাধ্যতামূলক। কারণ, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে যে মশা কামড়ে দেয়, সেই মশাও এডিসবাহী হয়ে বংশবিস্তার ঘটায়। এ ছাড়া শহর-নগর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জমে থাকা পানি অপসারণ করতে পারলে এটা প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি আমাদের নিয়মিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা এ বিষয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষকে সচেতন করার কার্যক্রম হাতে নিয়েছি।
প্রশ্ন :
সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার প্রয়োজনীয় কীটের সরবরাহ কেমন?
শ্যামল কৃষ্ণ মণ্ডল: আমাদের সব হাসপাতালে পর্যাপ্ত কীট আছে। কোনো ঘাটতি নেই। কীটের পাশাপাশি প্রয়োজনীয় মশারি, ওষুধ, চিকিৎসক দল—সবকিছুরই প্রস্তুতি আছে আমাদের।
প্রশ্ন :
উপজেলা হাসপাতাল থেকে জরুরি নয়, এমন রোগীদেরও বরিশালে পাঠানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। আসলে বিষয়টি কী?
শ্যামল কৃষ্ণ মণ্ডল: হ্যাঁ, বিষয়টি আমিও শুনেছি। এটা যাতে না করা হয়, সে জন্য বিভাগের সব কটি উপজেলা ও জেলা হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের নির্দেশনায় বলা হয়েছে, কোনো রোগীর অবস্থা খারাপ হলে প্রথমে আমরা জেলা হাসপাতালে পাঠাব। এরপর সেখানে যদি রোগীর অবস্থা গুরুতর হয় এরপর বরিশালে পাঠাব। এখন বেশির ভাগ রোগীই মনে করেন ডেঙ্গু আক্রান্ত হলে বরিশাল গেলেই ভালো চিকিৎসা মিলবে। তাই মানসিক প্রশান্তির জন্য নিজে থেকেই অনেক রোগী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। এই প্রবণতা রোধ করা তো কঠিন। তবে হাসপাতাল থেকে খুব গুরুতর না হলে কোনো রোগীকে অহেতুক এখানে পাঠানো হবে না, সেটা আমরা নিশ্চিত করব।
প্রশ্ন :
বরিশাল বিভাগের কোনো সরকারি হাসপাতালে প্লাটিলেট সেপারেট যন্ত্র নেই। এটা স্থাপনের উদ্যোগ নেওয়ার পদক্ষেপ কত দূর?
শ্যামল কৃষ্ণ মণ্ডল: শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই যন্ত্র স্থাপনের জন্য প্রস্তাব করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। এটা কত দূর পর্যায়ে রয়েছে, সেটা আমার জানা নেই। তবে ডেঙ্গু রোগীর চিকিৎসায় এটা খুব বেশি জরুরি নয় বলেই আমার মনে হয়। তারপরও ডেঙ্গু ছাড়াও অন্য রোগেও রোগীদের প্লাটিলেট কমে যায়। সে ক্ষেত্রেও যন্ত্রটির ব্যবহার করা হয়।