চুয়াডাঙ্গায় বাউল আখড়ায় হামলায় জড়িতরা তিন মাসেও শনাক্ত হয়নি
চুয়াডাঙ্গা জেলায় গত সাত বছরে বাউলদের চারটি আখড়ায় হামলা, অগ্নিসংযোগ, বাউল-ফকিরদের চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি মুসলিমপাড়া শেওড়াতলা মাঠে বাউল আখড়ায় হামলা ও অগ্নিসংযোগে কারা জড়িত, তা তিন মাসেও বের করতে পারেনি পুলিশ।
ফকির মুনতাজ শাহর মাজার ও দরগা শরিফ নামে পরিচিত ওই আখড়ায় হামলার রহস্য উম্মোচনে মামলাটি সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তরের আবেদন করেছেন বাদী।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বেলগাছির ঘটনাটি নিয়ে ধোঁয়াশার মধ্যে আছি। আখড়ার কর্তৃত্ব নিয়ে বাউলদের সঙ্গে জমিদাতার পরিবারের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল, এতটুকুই জানা গেছে। এখন বাদী মামলাটি পিবিআইকে দিতে থানায় লিখিত আবেদন করেছেন। সম্প্রতি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত আবেদন জানানো হয়েছে।’
সাত বছরে একের পর এক বাউলদের আখড়ায় হামলায় ১ বাউল সংগঠক নিহত ও ৯ বাউল আহত হয়েছেন। তবে এসব হতাহতের ঘটনায় এখন পর্যন্ত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায়নি।
জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের চাপে অতীতের সব মামলার বাদীরা বাধ্য হয়ে আপস করেছেন। সবশেষ বেলগাছির হামলার রহস্যও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ, যা হতাশাজনক। আমরা আগেও বলেছি, আবারও বলছি, বাউলদের মধ্যে কেউ এসব ঘটনায় জড়িত থাকলে এবং তদন্তে তা প্রমাণিত হলে, তাঁদেরও আইনের আওতায় আনা হোক।’
গত ৭ ফেব্রুয়ারি রাতে বেলগাছি উপজেলার মুসলিমপাড়া শেওড়াতলা মাঠে মুনতাজ শাহর মাজার ও দরগা শরিফে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ৯ ফেব্রুয়ারি আখড়াবাড়ির সভাপতি আবদুর রাজ্জাক বাদী হয়ে থানায় মামলা করেন।
ঘটনার পর বাদী দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। বাউলরা যাতে সংগঠিত হতে না পারেন, সে জন্য স্থানীয় একটি গোষ্ঠী এ হামলা চালিয়ে থাকতে পারে। তবে হামলাকারী ব্যক্তিদের পেছনে শক্তিশালী কেউ রয়েছে।
এখন বাদী আবদুর রাজ্জাক তাঁর আগের বক্তব্য থেকে সরে এসেছেন। হামলাটি ‘ছেলেপেলের কাজ’ বলে গতকাল মঙ্গলবার বিকেলে মন্তব্য করে প্রথম আলোকে বলেন, ‘আমি কুনু অ্যাঙ্গেলেই নিতে পারচিনে। সার্বিক দিক দিয়ে আশপাশে যতটুকু জানচি, ছেলেপেলের কাজ। এটা কুনু রাজনৈতিক দল বা সংগঠনের কাজ নয়।’
আবদুর রাজ্জাক আরও বলেন, থানা–পুলিশের পরামর্শে মামলাটি পিবিআইতে হস্তান্তরের আবেদন করা হয়েছে। এ জন্য তিনি নিজেই আবেদন করেছেন।
জাকারিয়ার হত্যা মামলার কিনারা হয়নি
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের বাউল সংগঠক জাকারিয়া হোসেন ২০১৫ সালের ১০ ডিসেম্বর রাতে নিজ গ্রামের গুচ্ছপাড়ায় ওরস ও বাউলগানের আসরে যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর বড় ভাই মো. কিবরিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ওই বছরের ১৩ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। এ মামলার সবশেষ পরিস্থিতি জানে না পরিবার।
জাকারিয়ার স্ত্রী সালমা খাতুন প্রথম আলোকে বলেন, মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে ১০ জনের নামে আদালতে অভিযোগপত্র দিয়েছে। তবে এখন এ মামলা আদালতের কোন পর্যায়ে আছে, তা তিনি জানেন না। অভিযোগপত্রে নাম থাকা তিন আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাঁরা স্বস্তিতে আছেন।
ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়, আকুন্দবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে কেতু (৩৫) ও মৃত সাদেক আলীর ছেলে বাক্কা (৩২) এবং মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের আবদুল হামিদের ছেলে মোক্তারের (৩৫) সঙ্গে জাকারিয়ার বিভিন্ন বিষয়ে শত্রুতা ছিল। তাঁরা অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় হাঁসুয়া, চায়নিজ কুড়াল ও ভুজালি দিয়ে তাঁর ভাইকে হত্যা করেন। মামলার এজাহারভুক্ত আসামি কেতু, বাক্কা ও মোক্তার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ও বিল্লাল হোসেন মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
দুই মামলায় আপস
২০১৬ সালের ১৬ জুলাই দিবাগত মধ্যরাতে জেলার জীবননগর উপজেলার একতারপুরে আখড়ায় ঘুমিয়ে থাকা বাউলদের ওপর লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় কুষ্টিয়ার মিরপুর শোরুদা গ্রামের আবদুর রহিম শাহ (৬৫) ও তাঁর স্ত্রী বুলু বেগম (৫৫) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী রুশিয়া খাতুন (৪৫) গুরুতর আহত হন।
এ ঘটনায় বাউল শহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নামে পরের দিনই জীবননগর থানায় মামলা করেন। এরপর জামায়াতা-শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের চাপে আপস করে নেন বাউলেরা। পরে আপসনামা আদালতে দাখিল করার পর আসামিরা ছাড়া পান।
জীবননগর উপজেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন শাহ দাবি করেন, নানা রকম চাপে আসামিদের সঙ্গে আপস করে নিতে হয়েছে। একই বছরের ২৯ জুলাই দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা হামলা চালায় দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর বাউল জুলমত শাহর আখড়া বাড়িতে। দুর্বৃত্তরা জুলমত শাহ (৬৫), তাঁর স্ত্রী মোমেনা খাতুন (৫৫) ও গুরুভাই হরেন্দ্রনাথ গুসাঁইকে (৬৮) গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এরপর জুলমত ও হরেন্দ্রনাথের চুল কেটে দেয়। একপর্যায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তাঁদের দুটি ঘর।
পরদিন জুলমত বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করলে ১ আগস্ট পুলিশ দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আলাউদ্দিন (২৫) ও নাসির উদ্দিন (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে চাপের কারণে বাউল জুলমত শাহ মামলা আপস করে নেন।
জেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, ‘মামলার বাদীদের কাছে শুনেছি, স্থানীয় প্রভাবশালীদের চাপে এসব মামলায় আপস করা হয়েছে।’