দুশ্চিন্তা দূর হলো ভ্যানচালক বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিম ও তাঁর বাবার হাতে শিক্ষাসহায়তা বাবদ প্রথম মাসের চেক হস্তান্তর করেন রবিউল ইসলাম। আজ দুপুরে কুষ্টিয়া শহরে দিশার প্রধান কার্যালয়ে
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থী মিম আক্তারের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম। স্নাতকোত্তর শেষ হওয়া পর্যন্ত প্রতি মাসে মিমকে তিন হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেবে দিশা। মিমের ব্যাংক হিসাবে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে এই টাকা চলে যাবে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে দিশার প্রধান কার্যালয়ে মিম ও তাঁর বাবার হাতে শিক্ষাসহায়তা বাবদ প্রথম মাসের চেক হস্তান্তর করেন রবিউল ইসলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী (অব.) নজরুল ইসলাম, প্রথম আলো কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, গণমাধ্যমকর্মী মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

মিম আক্তার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের ভ্যানচালক ডালিম শেখের মেয়ে। চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় মিম। বর্তমানে মিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মিম।

প্রথম আলোর মাধ্যমে মিমের বিষয়ে জানতে পারি। টাকার জন্য যেন মেধা নষ্ট না হয়, সে জন্য অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। মিমের পড়াশোনার নিয়মিত খোঁজ রাখা হবে। তাঁকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
রবিউল ইসলাম, নির্বাহী পরিচালক, দিশা

ভ্যানচালক বাবার সামান্য আয়ে অনেক কষ্ট করে এত দূর এসেছেন মিম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ বহন করা মিমের বাবার পক্ষে সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার জন্য সবার সহযোগিতা চান মিম।

মিমের পরিবারের সমস্যার কথা তুলে ধরে গত সোমবার প্রথম আলো অনলাইন সংস্করণে ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও মেয়ের পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় ভ্যানচালক বাবা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রথম আলোর খবরটি নজরে আসার পর তাঁকে সহযোগিতা করার আগ্রহ দেখান দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।

রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোর মাধ্যমে মিমের বিষয়ে জানতে পারি। টাকার জন্য যেন মেধা নষ্ট না হয়, সে জন্য অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। মিমের পড়াশোনার নিয়মিত খোঁজ রাখা হবে। তাঁকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাবৃত্তি দেওয়া হবে।’

মিমের বাবা ডালিম শেখ বলেন, ‘অফিসে ডেকে নিয়ে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটা কল্পনাও করতে পারিনি। এখন আর আমার চিন্তা নাই। মেয়ে যত দূর পড়বে, তত দূর নিয়ে যাব।’

আনন্দিত মিম আক্তার বলেন, ‘বাবা ভ্যানচালক হওয়ায় রাবিতে ভর্তি হয়েও পড়ালেখা চালিয়ে নেওয়া অনিশ্চিত ছিল। আজ মনে হচ্ছে, দুশ্চিন্তা দূর হতে যাচ্ছে। আমি এর মর্যাদা ধরে রাখব। পড়াশোনা করে নিজের লক্ষ্যে এগিয়ে যাব।’