রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এক সাংবাদিকসহ আবাসিক হলের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের মধ্যে একজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনজনকে হল থেকে অপসারণ ও সংশ্লিষ্ট হলে আবাসিকতা না দেওয়া এবং একজনকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও হল প্রশাসন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও ওই হলে অবস্থান এবং শৃঙ্খলাপরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে চারুকলা অনুষদের শিক্ষার্থী ইমরান, আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের আমির হামজা ও নাজিম হোসাইনকে ওই হল থেকে অপসারণ এবং তাঁদের সংশ্লিষ্ট হলে আবাসিকতা না দেওয়ার জন্য বলা হয়েছে। একই অপরাধে ফাইন্যান্স বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সাজিদ হাসানকে শহীদ হবিবুর রহমান হল থেকে বহিষ্কার করা হয়। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আল আমিনকে চূড়ান্ত সতর্ক ও ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আল আমিন হবিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি এবং বাকি সবাই ছাত্রলীগ কর্মী।
মারধরের শিকার রায়হান ইসলাম দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আরেক ভুক্তভোগী ছাত্র শাহাদাত হোসেন দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর রাত দেড়টার দিকে শহীদ হবিবুর রহমান হলের ২১৬ নম্বর কক্ষে উচ্চ শব্দে গানবাজনা হচ্ছিল। তিনতলার ৩১৫ নম্বর কক্ষ থেকে শব্দ সহ্য করতে না পেরে আবাসিক শিক্ষার্থী শাহাদাত হোসেন ও আইন বিভাগের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম দ্বিতীয় তলায় আসেন। ২১৬ নম্বর কক্ষে হল ছাত্রলীগের সহসভাপতি আল আমিনকে দেখে কোথায় গান বাজে তা জিজ্ঞাসা করেন শাহাদত। এ কথা জিজ্ঞাসা করলে তাঁদের ওপর চড়াও হন আল আমিন। একপর্যায়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ২১৬ নম্বর কক্ষ থেকে বের হন ছাত্রলীগ কর্মী ইমরান ও সাজিদ। বাগ্বিতণ্ডার একপর্যায়ে শাহাদাতকে থাপ্পড় দেন ইমরান।
ওই সময়ে পাশের কক্ষের (২১৭ নম্বর) রায়হান ইসলাম ঘটনাস্থলে যান এবং উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। পরে অন্য সহযোগীদের ডাকেন আল আমিন। তখন ২০৮ নম্বর কক্ষের নাজিম, আমির হামজাসহ কয়েকজন মিলে রায়হানকে মারধর করেন। এতে তিনি মাথায় ও চোখে আঘাত পান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টা বরাবর পৃথক লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী দুজন। এ ছাড়া অভিযুক্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনিক ব্যবস্থা ও হল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠন। এর পরিপ্রেক্ষিতে হলের আবাসিক শিক্ষক গৌতম দত্তকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে অভিযোগের সত্যতা পান কমিটি এবং বেশ কিছু শাস্তির সুপারিশসহ এই প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে দেন। সেই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বলেন, তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
শহীদ হবিবুর রহমানের হল প্রাধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, এক শিক্ষার্থী ও সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত প্রতিবেদন সাপেক্ষে অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়েছে। এ–সংক্রান্ত একটি অফিস আদেশ পেয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ চলছে।