ফরিদপুরের বিএনপির আরও ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফরিদপুরের বিএনপি ও এর সহযোগী সংগঠনের আরও ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ঢাকা ও গতকাল শুক্রবার রাতে ফরিদপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে গতকাল শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি নেতা-কর্মীদের ভাষ্য, ঢাকায় বিএনপির মহাসমাবেশে যেতে বাধা দিতেই নেতা-কর্মীদের ধরপাকড় ও হয়রানি করা হচ্ছে।

ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদকে ঢাকার বনানী এলাকা থেকে আজ শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও ভাঙ্গা উপজেলা যুবদলের নেতা গোলাম আজমকে ঢাকার কাকরাইল এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির সহসভাপতি আমির খানকে ও সদরপুরের চরমানাই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি বজলু মাস্টারকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া বলেন, পুলিশ নির্বিচারে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে যাচ্ছে। এই গণগ্রেপ্তার করে জনগণের সরকার পতনের এক দফার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। এই গণগ্রেপ্তার প্রমাণ করছে সরকারের পায়ের নিচে মাটি নেই।

ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নামে আগে থেকে মামলা রয়েছে। এ গ্রেপ্তারের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।