সিলেটে শহীদ মিনারে মূল নকশাবহির্ভূত স্থাপনা অপসারণসহ সাত দফা দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি জানিয়ে সমাবেশ করেছে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
ছবি : প্রথম আলো

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মূল নকশাবহির্ভূত সব স্থাপনা অপসারণসহ সাত দফা দাবিতে সমাবেশ করেছে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো। সোমবার বিকেলে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য। সমাবেশ সঞ্চালনা করেন বাসদ জেলা শাখার আহ্বায়ক আবু জাফর।

সমাবেশে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টি সিলেটের সভাপতি মো. আরিফ মিয়া, সিপিবি সিলেট বিভাগীয় সমন্বয়কারী আনোয়ার হোসেন, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাম্যবাদী দলের নেতা ব্রজগোপাল চৌধুরী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক সিরাজ আহমদ, ওয়ার্কার্স পার্টি নেতা দীনবন্ধু পাল, বাসদ জেলার সদস্যসচিব প্রণবজ্যোতি পাল, বাসদ (মার্ক্সবাদী) নেতা হুমায়ূন রশীদ, সাম্যবাদী আন্দোলনের নেতা মহীতোষ দেব, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান প্রমুখ।

সমাবেশ থেকে সাত দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ কর্তৃক সিলেট সিটি করপোরেশনকে যে সুনির্দিষ্ট শর্তে শহীদ মিনার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তা মেনে শহীদ মিনার রক্ষনাবেক্ষণ ও পরিচালনা এবং শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মূল নকশাবহির্ভূত সব স্থাপনা অবিলম্বে অপসারণের দাবি। একই সঙ্গে সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স, পানির বিল ও ট্রেড লাইসেন্স ফি কমানো, নগরের জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘস্থায়ী সমাধানে মহাপরিকল্পনা গ্রহণ, সময়মতো মশা নিধন ও সিটি করপোরেশনের অন্তর্গত সব ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহের সহজলভ্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া নগরের ৪২টি ওয়ার্ডে পাঠাগার নির্মাণ, কালচারাল সেন্টার ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, সংস্কৃতি ও সাহিত্যচর্চা বাড়াতে অবিলম্বে শারদা স্মৃতিভবন, পীর হবিবুর রহমান স্মৃতি পাঠাগার ও লোকনাথ-পার্বতী টাউন হল খুলে দেওয়া এবং নগরের সৌন্দর্যবর্ধনের ক্ষেত্রে আবহমান বাঙালি সংস্কৃতি, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ স্থাপনা নির্মাণের দাবি জানানো হয়।

সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, জাসদ জেলা শাখার সহসভাপতি সৈয়দ আনছার আলী, গণতন্ত্রী পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, জাসদ মহানগর যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, জাসদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল হাছিব চৌধুরী, খেলাঘর জেলা সংসদের সাধারণ সম্পাদক তপন চৌধুরী, চা-শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হৃদেশ মোদী প্রমুখ।

আরও পড়ুন

সমাবেশে বক্তারা বলেন, সিলেট সিটি করপোরেশন জনগণের সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। অথচ এখন পর্যন্ত নগরবাসী কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত আছেন। প্রতিষ্ঠানটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামকে ধারণ না করে উন্নয়নের নামে পশ্চাৎপদতাকে লালন করার অপচেষ্টা করছে।

কয়েক দিন ধরে চাউর হয়েছিল শহীদ মিনারে কোনো অনুষ্ঠান আয়োজন করতে গেলে সিটি করপোরেশনকে টাকা দিতে হবে। এরপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। এ পরিস্থিতিতে গত শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র আরিফুল হক চৌধুরী শহীদ মিনারকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে না বলে জানান। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সিলেটের বাম দলগুলো সাত দফা দাবি নিয়ে মাঠে নেমেছে বলে মনে করা হচ্ছে।