তদন্ত কমিটির প্রতিবেদন পেশ, শিক্ষা বোর্ডের কাছে করণীয় জানতে চান প্রধান শিক্ষক
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে খাতা কেড়ে নেওয়ায় একজন ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদন পেশ করেছেন। চার সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমার কাছে প্রতিবেদন পেশ করেন। তবে তদন্তের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে অভিযুক্ত ছাত্রের বিষয়ে পরবর্তী করণীয় জানতে শহরের ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ এবার শিক্ষা বোর্ডের শরণাপন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আজ দুপুরে যশোরে গেছেন।
বিদ্যালয়টির একাধিক সহকারী শিক্ষক প্রথম আলোকে জানান, অভিযুক্ত ছাত্রকে ছাত্রত্ব থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র (টিসি) দেওয়ার বিষয়ে মতামত জানতেই প্রধান শিক্ষক শিক্ষা বোর্ডের শরণাপন্ন হয়েছেন।
জানতে চাইলে প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান বলেন, অভিযুক্ত ছাত্রকে প্রাথমিকভাবে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রত্ব থেকে নয়। পরবর্তী করণীয় বিষয়ে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
চার সদস্যের তদন্ত কমিটির প্রধান আজ দুপুরে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পেশ করেন।
এদিকে অভিযুক্ত ছাত্র গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করে। আদালতের বিচারক জেলা জজ বেগম মুসরাত জেরীন জামিন নামঞ্জুর করে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। বর্তমানে ওই ছাত্রকে যশোর শহরের পুলেরহাটে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) রাখা হয়েছে।
জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা বলেন, সাম্প্রতিক সময়ে শহরের দুটি সরকারি বিদ্যালয়ের ঘটনায় তিনি চরমভাবে ব্যথিত। সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের রেশ কাটতে না কাটতেই ভিক্টোরিয়া জুবিলি বিদ্যালয়ে ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটল।
পদাধিকার বলে ওই দুটি বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক। তিনি বলেন, সরকারি দুটি স্কুলের ঘটনা নিয়ে মঙ্গলবার বিকেলে গভর্নিং বডির সভায় আলোচনা হয়েছে। এসব ঘটনা কেন হলো, তার কারণ অনুসন্ধান ও পরে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়।
গত রোববার ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ওই ঘটনা ঘটে। বিদ্যালয়টিতে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কক্ষপরিদর্শক হাফিজুর রহমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বাণিজ্য বিভাগের এক ছাত্রের খাতা কেড়ে নেন। এরপর খাতা ফেরত চেয়ে না পাওয়ায় ওই ছাত্র শিক্ষক হাফিজুর রহমানের গালে সজোরে দুটি চড় মেরে ক্লাস থেকে বেরিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় ওই শিক্ষক হতবিহ্বল হয়ে পড়েন। শিক্ষককে লাঞ্ছিত করার এ ঘটনার সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্র ওই দিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান থানায় মামলা করেন। শিক্ষকেরা এ ঘটনার বিচারের দাবিতে কর্মবিরতি এবং শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারের নেতৃত্বে এই তদন্ত কমিটিতে রয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান এবং ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান।