সাড়ে ৩ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে আক্কেলপুর স্টেশন ছাড়ল বরেন্দ্র এক্সপ্রেস
ইঞ্জিন বিকল হওয়া আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন ছেড়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। এর আগে সকাল ১০টা ২২ মিনিটে আক্কেলপুর স্টেশনে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন প্রথম আলোকে বলেন, পার্বতীপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি ইঞ্জিন আক্কেলপুর স্টেশনে আনা হয়। পরে বেলা ২টা ৫ মিনিটে ইঞ্জিনটি লাগিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে চিলাহাটী থেকে রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে আসা আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রা বিরতি করে। চার মিনিট যাত্রা বিরতির পর ট্রেনটি ছাড়ার পর ইঞ্জিন বিকল হয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারেনি।
ট্রেনটি বিকল হওয়ার পর সান্তাহার, আহসানগঞ্জ, আবদুলপুর ও রাজশাহীগামী ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েন। সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে ট্রেনটি চলতে শুরু করলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।