পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কেটে তাপমাত্রা বাড়ছে, মাঘের মাঝপথেই কমেছে শীতের দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঘের সকাল হলেও কৃষক নজমুল হকের পরনে কোনো শীতের পোশাক নেই। দিনের শুরুতেই রোদের দেখা মেলায় তিনি এই পোশাকই কাজ করছেন। আজ শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সীতাগ্রাম এলাকায়
ছবি: প্রথম আলো

সকাল সাড়ে ৮টায় জমিতে লাঙল টানছেন কৃষক নজমুল হক (৬০)। জমির আলে খুলে রেখেছেন শীতের জন্য পরনের জ্যাকেট, শার্ট আর মাফলার। লাঙল টানার সময় তাঁর পরনে শুধু গায়ে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি।

শীতের সকালে এভাবে কাজ করতে ঠান্ডা লাগছে কি না জানতে চাইলে নজমুল হক বলেন, ‘এই রকম মাঘ মাসের শীতোত আগে খালি গায়ে জমিত নামা গেছিল নাই। আর এইবার লাঙ্গল টানিলে গাওত গরম কাপড় রাখা যায় না। কী যে যুগ-জামানা আসিলো, শীতের দিনে তো ঠান্ডা নাই।’

আজ শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সীতাগ্রাম এলাকায় নজমুল হকের সঙ্গে কথা হয়। দেশের সর্ব উত্তরের এই জেলায় শৈত্যপ্রবাহ কেটে গিয়ে এখন এমনই আবহাওয়া বিরাজ করছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের দাপট কমেছে। এতে মাঘ মাসের মাঝামাঝি সময়েই বসন্তের আবহ পাওয়া যাচ্ছে।

এমন আবহাওয়া সাধারণ মানুষের জন্য আপাতত স্বস্তিকর মনে হলেও এমন শীতকে ‘ব্যতিক্রম’ হিসেবে দেখছেন পরিবেশবিদেরা। তবে আবহাওয়াবিদেরা বলছেন, এবার মৌসুমের শুরু থেকেই অন্যান্য বছরের তুলনায় শীত কিছুটা কম মনে হয়েছে। সেই সঙ্গে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। তাই দেশজুড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আরও পড়ুন

আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। কুয়াশা না থাকায় সকাল সকাল দেখা মিলেছে ঝলমলে রোদের। ঠিক এক বছর আগের এই দিনে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে তা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

৫ জানুয়ারি থেকে উত্তরের এই জনপদে শৈত্যপ্রবাহ শুরু হয়। ৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত টানা ২২ দিন পঞ্চগড়ে কখনো মাঝারি আবার কখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ সময় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। তবে শেষ এক সপ্তাহ ধরে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশ কমে যাওয়ায় প্রতিদিন সকালে রোদ উঠছে। এতে দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ গতকাল সকালে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

শেষ এক সপ্তাহ ধরে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশ কমে যাওয়ায় প্রতিদিন সকালে রোদ উঠছে
ছবি: প্রথম আলো

তেঁতুলিয়া উপজেলার শিংপাড়া এলাকার ভ্যানচালক খায়রুল ইসলাম বলেন, ‘কয়েক দিন থেকে খুব বেশি ঠান্ডা লাগে না। রাতিত ঠান্ডা বেশি, কিন্তু সকালে রোদ উঠেচে। দুপুর হইতে হইতে ভালোই গরম লাগেছে। আর কুয়াশা তো নাইয়ে। ভ্যান চালায় কিছুডা আরাম পাছি।’

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া বলেন, ‘মাঘের শীতে বাঘ পালায়’ বলে একটা প্রবাদ আছে। কিন্তু এখন মাঘেও শীতের তেমন দাপট দেখা যাচ্ছে না। এবারের শীত কিছুটা ব্যতিক্রম। মূলত বায়ুদূষণের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে স্বাভাবিক যে প্রাকৃতিক ভারসাম্য, তা দিন দিন নষ্ট হচ্ছে। এতে ষড়ঋতুর বৈশিষ্ট্যগুলো দিন দিনে এলোমেলো হয়ে যাচ্ছে।

আরও পড়ুন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় বর্তমানে শৈত্যপ্রবাহ কেটে গেছে। কয়েক দিন ধরে উত্তরের হিমশীতল বাতাস আর কুয়াশা কমে যাওয়ায় শীত কিছুটা কম অনুভূত হচ্ছে। এ ছাড়া সকাল সকাল সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থায় করায় দেশজুড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আবহাওয়া ব্যতিক্রম আচরণ করছে কি না, জানতে চাইলে রাসেল শাহ বলেন, এর আগে দেখা গেছে, প্রতিবছর ডিসেম্বর মাসের শেষের দিকেই দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে শৈত্যপ্রবাহ শুরু হয়। কিন্তু এবারের শীত মৌসুমে জানুয়ারি প্রথম সপ্তাহে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। সেই হিসেবে শীত এবার কিছুটা দেরিতে এসেছে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবারও তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে বলে জানান তিনি।

আরও পড়ুন