ব্রাহ্মণবাড়িয়ায় দুই ঘণ্টা পর ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিকল হওয়া তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন মেরামতের পর ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ইঞ্জিন বিকলের প্রায় দুই ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহের রেলপথের আশুগঞ্জ উপজেলার আপলাইনে নাওঘাট এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চালু ছিল।
ট্রেনের লোকোমাস্টার ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় তিতাস কমিউটার ট্রেন। বেলা আড়াইটার দিকে আশুগঞ্জ উপজেলার নাওঘাট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টার প্রায় আধা ঘণ্টা চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেননি। পরে বিকেল পৌনে চারটার দিকে আখাউড়া থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তিতাস কমিউটার ট্রেনের পেছনের দিকে যুক্ত হয়।
পরে ট্রেনটি পরবর্তী রেলস্টেশন তালশহর নিয়ে রাখা হলে সেখানে ইঞ্জিন মেরামত করেন রেলওয়ের প্রকৌশলীরা। মেরামত শেষ হলে বিকেল সাড়ে চারটার দিকে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ৪টা ৩৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে বেলা তিনটার দিকে আপলাইনের পরিবর্তে ডাউনলাইন দিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন নাওঘাট এলাকা ধীরগতিতে অতিক্রম করে। এ সময় তিতাস কমিউটার ট্রেনের যাত্রীরা চট্টলা এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার সেখানে কিছুক্ষণ ট্রেন থামান। পরে তিতাস কমিউটার ট্রেনের অনেক যাত্রী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠেন।
ব্রাহ্মণবাড়িয়ার স্কুলশিক্ষক জোনিয়া আক্তার পৌনে পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, ‘এতক্ষণে ঢাকায় থাকতাম। দুই ঘণ্টা ট্রেনে বসেছিলাম।’
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইঞ্জিন বিকলের কারণে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহের আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই দুই ঘণ্টা চট্টগ্রাম ও সিলেটমুখী ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল করেছে। সাড়ে চারটার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।