মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে কক্সবাজারে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বন্ধুসভার মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ শুক্রবার দুপুরে
ছবি: প্রথম আলো

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন করে প্রথম আলো বন্ধুসভা।

মানববন্ধনে সংহতি জানিয়ে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কক্সবাজার জেলা প্রেসক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ ও কক্সবাজার নাগরিক কমিটির সদস্যরা অংশ নেন।

কক্সবাজার বন্ধুসভার সাধারণ সম্পাদক নুরুল আবছারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাপা কক্সবাজার জেলা সভাপতি ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা, কক্সবাজার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ওসমান, বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ, কক্সবাজার বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সাজিয়া আফরিন, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি মারুফ রশিদ, কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সভাপতি শফিকুল মোস্তফা, সংস্কৃতিকর্মী বাধন সরকার প্রমুখ।

আরও পড়ুন

মানববন্ধনে প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী বলেন, বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, ডিম সবকিছুর দাম হুহু করে বাড়ছে। নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। দাম বাড়ার খবর সাংবাদিকেরা তুলে ধরলে ক্ষতি কী? এর জের ধরে কেন সাংবাদিককে গভীর রাতে চোরের মতো তুলে নিতে হবে? তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ এই কালো আইনে যত সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, সব মামলা প্রত্যাহার চাই। আর কারাবন্দী প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি চাই। তা না হলে কক্সবাজার থেকে শুরু করা হবে কঠোর আন্দোলন।’

আরও পড়ুন

আনোয়ারুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ জানাতে পারেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ ও মামলা করতে পারেন। কিন্তু এভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা এবং রাতের অন্ধকারে সেই পত্রিকার একজন সাংবাদিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা দেশে আইনের শাসনের পরিপন্থী। তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

আরও পড়ুন
আরও পড়ুন