‘অভিযুক্তদের গ্রেপ্তার না করা পুলিশের গাফিলতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে লাইভ চলাকালে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন। রোববার নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায়
ছবি: প্রথম আলো

রাজশাহীতে লাইভ চলাকালে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় করা মামলার ১৩ দিনেও কাউকে গ্রেপ্তার না করার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর সাংবাদিকেরা। আজ রোববার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে ১৩ দিনেও কাউকে গ্রেপ্তার না করার বিষয়টি ‘পুলিশের গাফিলতি ও রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন সাংবাদিকেরা। তাঁরা দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। এতে সংহতি জানিয়ে উপস্থিত ছিল রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি।

আরও পড়ুন

কর্মসূচিতে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি মেহেদী হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিপন, স্থানীয় সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী জেলা সুজনের সভাপতি আহমেদ শফি উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারওয়ার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান, এসএ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গণি সেলিম প্রমুখ।

অধ্যাপক গোলাম সারওয়ার বলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের অপকর্ম তুলে ধরতে যখন সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে যান, তখন তাঁদের ওপর হামলা করা হয়। এর আগে তাদের অবস্থাপনা ও দুর্নীতির কারণে পানি না পেয়ে দুই আদিবাসী কৃষক আত্মহত্যা করেছেন। এটা সাংবাদিকেরা প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

আরও পড়ুন
আহত ক্যামেরা পারসন রুবেল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
ফাইল ছবি

এসএ টিভির প্রতিনিধি জিয়াউল গণি সেলিম বলেন, রাজশাহীর পুলিশ কমিশনার দায়িত্বে আসার পরে অনেক ভালো কাজ করেছেন। তাঁর ভালো কাজে সাংবাদিকেরা পাশে ছিলেন। কিন্তু আজ যখন সাংবাদিকদের ওপর হামলা হলো, তখন সেই আইনের শাসন কোথায়?

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, আমলাতন্ত্রের হাতে সবাই জিম্মি। আমলাতন্ত্রের হাত থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না হব, ততক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ নয়। বিএমডিএর কর্মকর্তার সঠিক সময়ে কার্যালয়ে আসেন না। সেই খবর প্রকাশ করতে গিয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক। এ ঘটনায় মামলা হয়েছে। কিন্তু কোনো গ্রেপ্তার নেই। অন্য ঘটনার ক্ষেত্রে দেখা যায়, মামলার আগেই পুলিশ তুলে নিয়ে আনে।

আরও পড়ুন

সাংবাদিকনেতা রফিকুল ইসলাম বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ তাঁরা ঘুরে বেড়াচ্ছেন, ঢাকায় গিয়ে জামিনের আবেদন করছেন। তাঁদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বিএমডিএ কার্যালয় ঘেরাও করা হবে।

সাংবাদিক মেহেদী হাসান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি রাজশাহী থেকে গেছেন পাঁচ দিন হয়ে গেল। কার মদদে পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না?

আরও পড়ুন

৫ সেপ্টেম্বর সকালে রাজশাহীর বিএমডিএ কার্যালয় থেকে টেলিভিশন লাইভ চলাকালে এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলামের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই বিএমডিএর নির্বাহী পরিচালক মো. আবদুর রশীদসহ সাতজনের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলাটি করেন বুলবুল হাবিব। মামলার অন্য আসামিরা হলেন বিএমডিএর ভান্ডাররক্ষক মো. জীবন (৪২), পিয়ন মো. সেলিম (৪১), প্রধান নির্বাহীর ব্যক্তিগত সহকারী নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য মো. এনামুল (৩৬), বিএমডিএর পিয়ন ফারুক (৪০) ও গাড়িচালক আবদুস সবুর (৪২)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগরের রাজপাড়া থানার উপপুলিশ পরিদর্শক কাজল কুমার নন্দী প্রথম আলোকে বলেন, পুলিশ প্রতিদিনই অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে একটি ফলাফল দিতে পারবে।

আরও পড়ুন