ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল সোমবার রাতে সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, ফেরত পাওয়া দুই ব্যক্তিকে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিএসএফের ফেরত দেওয়া ব্যক্তিরা হলেন নাগেশ্বরী উপজেলার ডুমুরদহ গ্রামের আবদুল গফুরের ছেলে সোলাইমান সরকার (৩৪) এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কুমারটারী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৩)।
এর আগে রোববার রাতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে তারা ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে বিএসএফের কাছে সোপর্দ করে।
আটক ব্যক্তিদের পরিবারের দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পথ ভুলে তাঁরা সীমান্ত অতিক্রম করেছিলেন। বিষয়টি জানিয়ে তারা চৌদ্দঘড়ি বিওপিতে যোগাযোগ করেন। বিজিবি সূত্রে জানা যায়, বিষয়টি জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হলে গতকাল বিকেলে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস বলেন, বিজিবি ফেরত দেওয়া দুই বাংলাদেশিকে থানায় সোপর্দ করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।