উগ্রবাদে জড়িত সন্দেহে যশোরে তরুণ আটক, আছে ডাকাতির মামলাও

হাতকড়াপ্রতীকী ছবি

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামের এক তরুণকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

তাহসীন ইসলাম একই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। আটকের সময় তাঁর ঘর তল্লাশি করে চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। তিনি আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সক্রিয় সদস্য বলে পুলিশের দাবি।

আরও পড়ুন

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, মূলত ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে তাহসীন ইসলামের নামে মামলা থাকায় তাঁকে আটক করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও আছে। তিনি এফসিএসর সদস্য বলে স্বীকার করেছেন। তাঁকে রাতেই সিটিটিসি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

প্রসঙ্গত, শাহ আমানত সাবির কর্তৃক প্রতিষ্ঠিত এফসিএস নামের একটি সংগঠনের বিরুদ্ধে মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগ আছে। এ ঘটনায় ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন