মহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা, ১৪ দিনে রেলের আয় ২ কোটি টাকা
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের গন্তব্য গত ২৬ অক্টোবর থেকে বাড়িয়ে কক্সবাজার পর্যন্ত করা হয়েছে। রুট সম্প্রসারণের পর ট্রেনটির যাত্রী ও আয় দুটিই বেড়েছে। নতুন রুটে চলাচলের প্রথম ১৪ দিনে ৮ নভেম্বর পর্যন্ত ট্রেনটি ৫৪ হাজার ৪৭৯ জন যাত্রী পরিবহন করে আয় করেছে ২ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫৬৫ টাকা। অথচ ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলের সময় এক মাসে ট্রেনটি আয় করত ২ কোটি ৩৬ লাখ ৮ হাজার ৯২২ টাকা।
বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তারা বলছেন, কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা বেশি। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এ পথে যাতায়াতের সুযোগ বেড়েছে। একই সঙ্গে রেলের আয়ও বেড়েছে।
কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা অনেক বেশি। মহানগর এক্সপ্রেসের গন্তব্য সম্প্রসারণের পর যাত্রী ও আয় দুই ক্ষেত্রেই ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। বর্তমানে যে চাহিদা রয়েছে, তাতে এ রুটে আরও ট্রেন চালু করা হলে যাত্রী পাওয়া যাবে। এতে রেলওয়ের আয়ও বাড়বে।সুজিত কুমার বিশ্বাস, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক, রেলওয়ের পূর্বাঞ্চল
রেলওয়ের পূর্বাঞ্চলের অন্যতম আয়বর্ধক রুট কক্সবাজার। দেশের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ চালুর পর থেকেই এ পথে যাত্রীদের চাহিদা তৈরি হয়েছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ার আগে এ রুটে চার জোড়া বা আটটি ট্রেন চলাচল করত। এর মধ্যে দুই জোড়া ঢাকা থেকে সরাসরি কক্সবাজার এবং দুই জোড়া চট্টগ্রাম থেকে চলাচল করত। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এখন এ রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জোড়া বা ১০টিতে।
ঢাকা থেকে কক্সবাজারগামী আগের দুই জোড়া ট্রেন ছিল বিরতিহীন। শুধু চট্টগ্রামে যাত্রাবিরতি দিত। ফলে মাঝপথের বিভিন্ন জেলার যাত্রীরা এসব ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পেতেন না। শুরু থেকেই কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। এ অবস্থায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়।
মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে আটটায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। পথে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেয়। এতে এসব এলাকার যাত্রীরা এখন সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারছেন।
১৪ দিনে দুই কোটি টাকার বেশি আয়
রেলওয়ের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে মহানগর এক্সপ্রেস ৮৪ হাজার ৬০৪ জন যাত্রী পরিবহন করেছিল। ওই মাসে ট্রেনটি আয় করেছিল ২ কোটি ৩৬ লাখ ৮ হাজার ৯২২ টাকা; আর কক্সবাজার পর্যন্ত রুট সম্প্রসারণের পর প্রথম ১৪ দিনে ৫৪ হাজার ৪৭৯ জন যাত্রী পরিবহন করে আয় করেছে ২ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫৬৫ টাকা। অর্থাৎ নতুন রুটে প্রথম ১৪ দিনের আয় আগের মাসের পুরো সময়ের আয়ের প্রায় ৮৮ শতাংশ। যাত্রী পরিবহনের সংখ্যাও সেপ্টেম্বর মাসের মোট যাত্রীর প্রায় ৬৪ শতাংশ।
টিকিট বিক্রির তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের (ট্রেন নম্বর ৭২১) যাত্রী ছিলেন ২৯ হাজার ৩৮০ জন। এ পথে আয় হয়েছে ১ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা। অন্যদিকে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনে (ট্রেন নম্বর ৭২২) যাত্রী ছিলেন ২৫ হাজার ৯৯ জন। এ পথে আয় হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা।
স্টেশনভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম থেকে দুই দিকের ট্রেনে উঠেছেন ৮ হাজার ৩৯২ জন যাত্রী। ফেনী থেকে ২ হাজার ৬৮৬, কুমিল্লা থেকে ৪ হাজার ১২৫ এবং ভৈরব বাজার থেকে ২ হাজার ৭১৮ জন যাত্রী উঠেছেন। এই চার স্টেশন থেকে দুই সপ্তাহে মোট ১৭ হাজার ৯২১ জন যাত্রী মহানগর এক্সপ্রেসে ভ্রমণ করেছেন।
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচলের সুযোগ তৈরি হওয়ায় শুধু চট্টগ্রামের যাত্রীরাই নন, পথের বিভিন্ন স্টেশনের যাত্রীরাও উপকৃত হচ্ছেন। বিশেষ করে ফেনী, কুমিল্লা ও ভৈরবের যাত্রীদের জন্য কক্সবাজার যাতায়াতের নতুন সুযোগ তৈরি হয়েছে।
গত সেপ্টেম্বর মাসে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে মহানগর এক্সপ্রেস ৮৪ হাজার ৬০৪ জন যাত্রী পরিবহন করেছিল। ওই মাসে ট্রেনটি আয় করেছিল ২ কোটি ৩৬ লাখ ৮ হাজার ৯২২ টাকা; আর কক্সবাজার পর্যন্ত রুট সম্প্রসারণের পর প্রথম ১৪ দিনে ৫৪ হাজার ৪৭৯ জন যাত্রী পরিবহন করে আয় করেছে ২ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫৬৫ টাকা।
ফেনীর বাসিন্দা হাফিজুর রহমান বলেন, আগে ফেনী থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ ছিল না। কক্সবাজার যেতে হলে অন্য পরিবহনের ওপর নির্ভর করতে হতো। এখন মহানগর এক্সপ্রেসে সরাসরি কক্সবাজার যাওয়া যাচ্ছে। এতে যাতায়াত অনেক সহজ হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের ক্ষেত্রেও ট্রেন সুবিধাজনক।
কুমিল্লার বাসিন্দা ওবায়দুর রহমান বলেন, কক্সবাজার যাওয়ার জন্য ট্রেন একটি স্বস্তিদায়ক পরিবহন। বিশেষ করে সড়কপথের যানজট ও দীর্ঘ যাত্রার ভোগান্তি এড়াতে অনেকেই ট্রেন পছন্দ করেন। মহানগর এক্সপ্রেস কক্সবাজার পর্যন্ত চালু হওয়ায় যাতায়াতের বিকল্প বেড়েছে। তবে যাত্রীদের চাহিদা বিবেচনায় টিকিটের প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা অনেক বেশি। মহানগর এক্সপ্রেসের গন্তব্য সম্প্রসারণের পর যাত্রী ও আয় দুই ক্ষেত্রেই ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। বর্তমানে যে চাহিদা রয়েছে, তাতে এ রুটে আরও ট্রেন চালু করা হলে যাত্রী পাওয়া যাবে। এতে রেলওয়ের আয়ও বাড়বে।
সুজিত কুমার বিশ্বাস আরও বলেন, কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর পরও কোনো আসন খালি থাকছে না; বরং দাঁড়িয়েও যাত্রীরা কক্সবাজার যাচ্ছেন। যাত্রীদের চাহিদার কারণে আগে যেখানে মহানগর এক্সপ্রেস থেকে দিনে ৮ লাখ টাকা আয় হতো, এখন সেখানে আয় হচ্ছে ১৪ থেকে ১৫ লাখ টাকা।