সাগর উত্তাল, জাহাজ বন্ধের খবর শুনে যাত্রীদের হামলা–ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাজ চলাচল বন্ধ হওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা নৌঘাটে বিআইডব্লিউটিসির ভবনের জানালার কাচ ও আসবাব ভাঙচুর করে উত্তেজিত জনতা। আজ বুধবার বিকেলে তোলা
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের কুমিরা নৌঘাটে বিআইডব্লিউটিসির ভবনের জানালার কাচ ও আসবাব ভাঙচুর করা হয়েছে। সাগর উত্তাল থাকায় কুমিরা-সন্দ্বীপ নৌপথে জাহাজ চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়ার পর আজ বুধবার দুপুরে উত্তেজিত যাত্রীরা সেখানে হামলা করেন।

এ সময় সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে টিকিট কাউন্টার থেকে টাকা লুট হয়েছে বলে জানান ঘাটের ইজারাদারের প্রতিনিধি। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।

ঘাটের ইজারাদারের প্রতিনিধি নুর উদ্দিন বলেন, প্রায় দেড় হাজার যাত্রী চট্টগ্রামের সন্দ্বীপে যাওয়ার জন্য সীতাকুণ্ডের কুমিরা নৌঘাটে অবস্থান করছিলেন। বেলা আড়াইটার দিকে ঘোষণা দেওয়া হয়, সাগর উত্তাল থাকায় আর কোনো নৌযান ছাড়া হবে না। সঙ্গে সঙ্গে ঘাটে থাকা যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মুহূর্তেই তাঁরা বিআইডব্লিউটিসির ভবনের জানালার কাচ ও আসবাব ভাঙচুর শুরু করেন। এরপর সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে টিকিট কাউন্টারে ঢুকে টাকাপয়সা লুট করতে থাকেন।

খবর পেয়ে কুমিরা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে যাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কোস্টগার্ডের সদস্যরা। পরে সীতাকুণ্ড থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। উত্তেজিত যাত্রীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত চারজন আহত হন। বিকেল চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইজারাদারের লোকজন নয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আরও পড়ুন

আটক ব্যক্তিদের মধ্যে দুজন বলেন, সিসিটিভি ক্যামেরা ও বিভিন্নজনের ভিডিও ফুটেজ দেখে যেন মামলা হয়। তাঁরা কোনো অপরাধ করেননি।

রুহুল আমীন নামের এক যাত্রী বলেন, জাহাজে সরকারি নিয়মে ধারণক্ষমতা ৫০০ জন। তবে দেড় হাজার যাত্রী অনায়াসে যেতে পারেন। সরকার যেহেতু একটি ট্রিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে যাত্রী দেড় হাজার নিয়ে গেলে এত চাপ হতো না। কিন্তু জাহাজ কর্তৃপক্ষ মাত্র ৭৫০ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এ জন্য সকাল থেকে অপেক্ষা করতে থাকা মানুষ উত্তেজিত হয়ে পড়েছিলেন।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বলেন, ঈদ বিবেচনায় ধারণক্ষমতার দুই শতাধিক যাত্রী জাহাজে তুলে দিয়ে তিনি ফিরে গিয়েছিলেন। তখন কোনো গোলযোগ হয়নি। তবে জাহাজের মাস্টার জানিয়েছেন, এত ঝুঁকি নিয়ে তিনি জাহাজ চালাতে পারবেন না। এরপর তাঁরা বিষয়টি ঘাটের লোকজনকে জানান। তিনি ঘাট থেকে ফেরার পর কী ঘটেছে, তা তিনি জানেন না।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) প্রদীপ দাস বলেন, ঘটনার ১০ মিনিটের মধ্যে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। প্রথমে তাঁরা উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কোনোমতেই পারছিলেন না। পরে তাঁদের সঙ্গে কোস্টগার্ড সদস্যরা আসেন। এরপর যোগ দেয় সীতাকুণ্ড থানা–পুলিশের একটি দল। তারা নয়জনকে থানায় নিয়ে গেছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ মামলা করবে।

বিআইডব্লিউটিএর উপপরিচালক নয়ন শীল বলেন, তাঁদের ভবন ভাঙচুরের বিষয়টি শুনেছেন। ট্রাফিক পরিদর্শককে থানায় পাঠিয়েছেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করবেন।