সোলায়মান ও আজাদুল আবারও চুয়াডাঙ্গা জেলা আ.লীগের নেতৃত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোলায়মান হক জোয়ার্দ্দার ও আজাদুল ইসলাম আজাদ (ডানে)
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে আগের কমিটির সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের নাম ঘোষণা করা হয়েছে। তবে এ সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিকেলে এক সভায় বাগ্‌বিতণ্ডার কারণে কমিটি আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েই ঢাকার উদ্দেশে রওনা হন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সাত বছর পর বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে আজ সোমবার স্থানীয় টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা পর্ব অনুষ্ঠিত হলেও বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন ছাড়াই শেষ হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। বেলা সাড়ে তিনটা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সাবজেক্ট কমিটির আদলে সভা হয়।

আরও পড়ুন
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নেতা-কর্মীদের একাংশ। সোমবার চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে
ছবি: প্রথম আলো

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কথা ছিল দলীয় কার্যালয়ে আলোচনা শেষে কেন্দ্রীয় নেতারা টাউন ফুটবল মাঠের অনুষ্ঠান মঞ্চে এসে কমিটি ঘোষণা দেবেন। বিগত কাউন্সিলগুলোয় এমনটাই হয়েছে। অথচ এবারের চিত্র উল্টো। কেন্দ্রীয় নেতা কাজী জাফর উল্যাহ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত সাবজেক্ট কমিটির সদস্যদের সরাসরি জানিয়ে দেন যে নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নির্দেশনা আছে, সোলায়মান হক জোয়ার্দ্দারকে সভাপতি ও আজাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করতে হবে। সভাপতি পদে আগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদস সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারের বিষয়ে কেন্দ্রীয় ও স্থানীয় কারও দ্বিমত না থাকলেও সাধারণ সম্পাদকের পদ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। কেন্দ্রীয় নেতারা সাধারণ সম্পাদক পদে আজাদুল ইসলামের (দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) নাম ঘোষণা করলে সোলায়মান হক জোয়ার্দ্দার প্রতিবাদ করেন।

আরও পড়ুন

সোলায়মান হক দাবি করেন, নেত্রী তাঁকেও একটি গাইডলাইন দিয়েছেন। মুন্সি আলমগীর হান্নান ছাড়া আর কাউকে সাধারণ সম্পাদকের পদ দিলে তিনি এর দায়ভার বহন করবেন না। প্রয়োজনে পদত্যাগ করবেন। সোলায়মানের এমন বক্তব্যের পর কেন্দ্রীয় নেতারা বিকেল চারটার দিকে কার্যালয় ছেড়ে সোজা সার্কিট হাউসে যান এবং সেখান থেকে ঢাকায় ফিরে যান।

এ ব্যাপারে আজাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নেতারা ৫০ বার উচ্চারণ করেছেন। প্রধানমন্ত্রী সারা দেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করে দিয়েছেন। তারপর দুজন মিলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করছেন। অতীতেও তাই হয়েছে। তিনি বলেন, ‘আসল কথা উনি (সোলায়মান হক জোয়ার্দ্দার) আমাকে নেবেন না। কে মানল, আর না মানল তাতে কোনো যায় আসে না। তবে ওনাকে (সোলায়মান) নেতারা বারবার বুঝিয়ে বলার চেষ্টা করেছেন, আমরা আজাদকে চাই।’

অপর দিকে মুন্সি আলমগীর হান্নান প্রথম আলোকে বলেন, সাবজেক্ট কমিটির ৫৮ সদস্যের মধ্যে ৫২ জনই তাঁকে সাধারণ সম্পাদক পদে দেখতে চাইলেও কেন্দ্রীয় নেতারা তাঁকে বঞ্চিত করেছেন। এখানে তৃণমূলের মতামতের প্রতিফলন ঘটেনি।