চুয়েটের সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে এবার চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে এবার চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি হয়।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেই কেন্দ্রীয় শহীদ মিনার। বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে থেকে মিছিল নিয়ে স্বাধীনতা চত্বরের দিকে যাচ্ছেন। সেখান থেকে মিছিলটি ঘুরে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাথায়, কপালে ও চোখে কালো কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই জবাব দাও’; ‘প্রশাসন অন্ধ কেন, জবাব চাই জবাব দাও’ ইত্যাদি স্লোগান দেন।
কর্মসূচিতে থাকা শিক্ষার্থীরা বলেন, টানা আন্দোলন ও একের পর এক কর্মসূচি পালনের পরও তাঁদের দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রশাসন যেন তাঁদের দাবি ও চলমান পরিস্থিতির দিকে ‘চোখ বন্ধ করে’ রয়েছে। এরই প্রতীকী প্রতিবাদ হিসেবে মাথায়, কপালে ও চোখে কালো কাপড় বেঁধে মিছিল করা হয়েছে।
মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা সামিহা প্রথম আলোকে বলেন, ‘সায়েম স্যারকে পুনর্বহালের দাবিতে আজ আমাদের আন্দোলনের নবম দিন। অথচ প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই আমরা আজ মাথায়, কপালে কালো কাপড় বেঁধে মিছিল করেছি। এটা আমাদের প্রতীকী প্রতিবাদ।’
শাটডাউন চলছে, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে
সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা নবম দিনের মতো কম্পাস শাটডাউন চলছে। একই দাবিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে রয়েছেন। এ কারণে কার্যত বিশ্ববিদ্যালয় এখন অচল। আজও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
জানতে চাইলে চুয়েটের কর্মকর্তা সমিতির সভাপতি মো. একরাম প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের দাবিতে কর্মবিরতি পালন করে যাচ্ছি। প্রতিদিনই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আরও কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা সভা করে জানানো হবে।’
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই অধ্যাপক আবু সাদাত মুহাম্মদকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।