ভাইয়ের হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তৈমুর আলম খন্দকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে ব্যবসায়ী শাব্বির হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি জাকির খানকে আদালতে আনা হয়। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে ব্যবসায়ী নেতা শাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী জাকির খানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী তৈমুর আলম খন্দকার। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আক্তারের আদালতে সাক্ষ্য দেন তিনি। আগামী ৬ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে কারাগার থেকে আদালতে আনা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে আবার তাঁকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়। এ সময় আদালত প্রাঙ্গণে জাকির খানের অনুসারী নেতা-কর্মীরা ভিড় করেন।

নিহত শাব্বির আলম খন্দকার বাদী তৈমুর আলম খন্দকারের ছোট ভাই। জাকির খান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তাঁর বিরুদ্ধে চারটি হত্যাসহ অসংখ্য মামলা আছে।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী শাব্বির আলম হত্যা মামলায় জাকির খানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী তৈমুর আলম খন্দকার। আদালত ৬ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

সাক্ষ্য দেওয়ার পর তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র, মাদক ও বহু খুনের আসামি জাকির ও তাঁর বাহিনী। সন্ত্রাস, মাদক ও ঝুট সন্ত্রাস প্রতিরোধ করতে গিয়ে নিট গার্মেন্টসমালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি তাঁর ছোট ভাই শাব্বির আলমকে হত্যা করান জাকির খান। ছোট ভাইকে হত্যার কাহিনি, কীভাবে তিনি (জাকির খান) হত্যা করেছেন, কী কী তথ্যপ্রমাণ আছে— সবকিছু তিনি আদালতে উপস্থাপন করেছেন। সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে আদালতে বিষয়টি প্রমাণিত হবে বলে তিনি জানান।

দীর্ঘদিন পর সাক্ষ্য দিতে আসার কারণ উল্লেখ করে তৈমুর আলম খন্দকার বলেন, চিহ্নিত সন্ত্রাসী জাকির খানকে অনেক বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ ও সরকার, যাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের ৩১টি মামলা আছে। জাকির খানকে গ্রেপ্তারের পরই তিনি সিদ্ধান্ত নেন, মামলার অভিযোগ প্রমাণ করবেন। এ জন্য আদালতে সাক্ষ্য দিতে আসেন। নারায়ণগঞ্জবাসী এ হত্যার বিচার চান।

আরও পড়ুন

আসামি জাকির খানের পক্ষে মামলার বাদীকে আদালতে জেরা করেন আইনজীবী রবিউল হোসেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, শাব্বির হত্যা মামলায় বাদীকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করেছিল রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষ আইনগত প্রতিকার পেতে বাদীকে জেরা করে। তিনি বলেন, ‘আমাদের জেরা আজ শেষ হয়নি। আদালতের কাছে আরও এক দিন বাদীকে জেরা করার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। ৬ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। ওই দিন বাদীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হবে।’

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুর রহিম বলেন, দীর্ঘদিন পর শাব্বির হত্যা মামলার বাদী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ৬ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, মামলা নিষ্পত্তি করতে বাদীপক্ষ ও সরকার সাক্ষীদের আদালতে হাজির করে বিচারকাজে সহযোগিতা করবে।’

আরও পড়ুন

২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক তৈমুর আলমের ছোট ভাই ব্যবসায়ী নেতা শাব্বির আলম আততায়ীর গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন তৈমুর আলম বাদী হয়ে জাকির খানের দুই ভাই জিকু খান, মামুন খানসহ সাতজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। এরপর জাকির খান থাইল্যান্ডে পাড়ি দেন।

জাকির খানের বিরুদ্ধে ১৯৯৪ সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা হয়েছিল। ওই মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়। উচ্চ আদালতে সাজা কমে ৮ বছর হলেও গ্রেপ্তার এড়াতে তিনি দেশ-বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৬ সালের ২০ জুন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি শাব্বির হত্যা মামলায় জাকির খানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। জাকির ভারত হয়ে বাংলাদেশে এসে পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস শুরু করলে গত বছরের ২ সেপ্টেম্বর র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিনি নারায়ণগঞ্জ কারাগারে আছেন।