মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাইয়ের বিরুদ্ধে দুদকে মামলা
১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের (৫০) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি করেন।
আতাউর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুষ্টিয়া পৌর কমিটির সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই। তিনি বর্তমানে কুষ্টিয়া পৌরসভার ম আ রহিম সড়কের বাসিন্দা। তবে ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময় থেকে পরিবারের সদস্যরাসহ আতাউর পলাতক আছেন।
মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪–এর ধারা ২৬–এর উপধারা (১) মোতাবেক দুদক কর্তৃক সম্পদ বিবরণী ফরম আতাউরের ঠিকানায় পাঠানো হয়। কিন্তু তিনি সম্পদ বিবরণী ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে দুদকে জমা দেন নাই। বিষয়টি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪–এর ২৬(২) ধারার অপরাধ। দুদক প্রাথমিক অনুসন্ধানে জেনেছে আতাউর ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুন্ধে মামলা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১১ মার্চ দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে আতাউর রহমান ও তাঁর স্ত্রী সাম্মিয়ারা পারভীনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল। ওই মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়েছিল, সাম্মিয়ারা পারভীন তাঁর স্বামী আতাউর রহমানের সহায়তায় ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং তা দখলে রেখেছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের ২০০৪–এর ২৬/(২) ও ২৭ (১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় দুজনই জামিনে ছিলেন।