১১ চাকরিপ্রার্থীকে ছাত্রলীগের নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগের কর্মীদের হাতে অন্তত ১১ প্রার্থীর নির্যাতিত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ১১ প্রার্থীকে অপহরণ ও প্রমাণ গায়েবের জন্য সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়াসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আগামীকাল রোববার মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে উপাচার্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের সভা শুরু হয়। শুরুতে উপাচার্য লিখিত বক্তব্যে লিফট অপারেটর নিয়োগ পরীক্ষায় আসা প্রার্থীদের অপহরণ করে ছাত্র হলে আটকে রেখে নির্যাতন ও সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক সরিয়ে নেওয়ার ঘটনা উত্থাপন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আনিসুর রহমানকে আহ্বায়ক ও প্রক্টর হাসান আল ইমরানকে সদস্যসচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৩০ ডিসেম্বরের আগে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোতোয়ালি থানায় এ বিষয়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ৩০ ডিসেম্বর পরবর্তী রিজেন্ট বোর্ডের সভা রয়েছে। ওই সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য ৩০ ডিসেম্বরের আগেই প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অপহরণ ও প্রমাণ গায়েবের জন্য সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক সরিয়ে নিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল থানায় মামলা করবে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় ও থানা-পুলিশ সূত্র জানা গেছে,  সম্প্রতি লিফট অপারেটরের ১২টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে ৩৮ প্রার্থীকে পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার ক্যাম্পাসে ডাকা হয়। সকাল ১০টা থেকে চাকরিপ্রার্থীরা ক্যাম্পাসে আসতে থাকেন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাঁদের ব্যবহারিক পরীক্ষা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে খবর আসে প্রার্থীদের মধ্যে ১১ জনকে ছাত্র হলে নিয়ে আটকে রাখা হয়েছে। পরে পুলিশ ক্যাম্পাসে পৌঁছালে বিকেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর সন্ধ্যায় আটকে রাখা প্রার্থীদের মধ্যে আরও পাঁচজনের পরীক্ষা নেওয়া হয়। ৩৮ প্রার্থীর ২৬ জন শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পেরেছেন। এসব ঘটনায় আরাফাত হোসেন নামের এক প্রার্থী রাতে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন

মামলার আসামিরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র ও শাখা ছাত্রলীগের আহ্বায়ক বেলাল হোসেন, ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী রাফি হাসান ও রেদোয়ান হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের রায়হান রাব্বি, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের মো. শোয়েব এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের (পিইএসএস) শাহিনুর। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মসিয়ূর রহমান ছাত্র হলের নিবাসী।

আরও পড়ুন

মামলা পর বৃহস্পতিবার রাতে পুলিশ ক্যাম্পাসে অবস্থিত ছাত্র হলে অভিযান চালাতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন পুলিশ হলে প্রবেশ না করে ফিরে যায়। এদিকে মামলার পর দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, আসামিদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।