জামালপুরে সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. জহুরুল হক হত্যা মামলার প্রধান আসামি মো. উজ্জ্বল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা পৌর শহরের পাঁচ রাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

মো. উজ্জ্বল মিয়া উপজেলার জোড়খালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি একই ওয়ার্ডের ইউপি সদস্য। তাঁর বাড়ি উপজেলার পণ্ডিতপাড়া এলাকায়। গত শুক্রবার রাতে হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন

গতকাল রাতে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জহুরুল হক ও উজ্জ্বল মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। ওই সময়ের একটি মারামারির ঘটনায় হওয়া মামলায় জহুরুল হকও আসামি ছিলেন। ওই বিরোধের জেরে উজ্জ্বল মিয়া তাঁকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাতে জহুরুল হক উপজেলার আটাবাড়ী বাজার থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁর বাড়ির কাছেই সড়কে উজ্জ্বল মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গত সোমবার নিহত ব্যক্তির বড় ভাই মো. জাহাঙ্গীর আলম মাদারগঞ্জ থানায় মো. উজ্জ্বল মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে উজ্জ্বল বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার সকালে আসামিকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।