তুরাগতীরে রানাভোলা পশুর হাট সরাতে ডিএনসিসিকে বিআইডব্লিউটিএর চিঠি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদের তীরে রানাভোলা থেকে পশুর হাট সরিয়ে নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ। আজ বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহে আলমের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে টঙ্গী নদীবন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ সকালে হাটটি সরিয়ে নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহে আলমের কাছে চিঠি পাঠিয়েছি। ইতিমধ্যে চিঠি গ্রহণ করা হয়েছে। হাটটি সরানো হলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।’

রাজধানীর কামারপাড়া মোড়ের পাশেই রানাভোলা এলাকা। পাশ দিয়ে চলে গেছে ঢাকা-আশুলিয়া মহাসড়ক। মহাসড়কটির পাশের নিচু জায়গায় রয়েছে কয়েক বিঘা ফাঁকা জায়গা। এর পাশেই বইছে তুরাগ নদ। হাটটি বসছে নদ ও মহাসড়কের মাঝখানের ফাঁকা জায়গায়। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাটটিতে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় নদের জায়গায় স্থাপন করা বাঁশের বাঁধন কেটে দেওয়াসহ সব স্থাপনা গতকালের মধ্যে অপসারণের জন্য হাট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘নদ-মহাসড়কের পাশে অস্থায়ী গরুর হাট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাটটিতে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় নদের জায়গায় স্থাপন করা বাঁশের বাঁধন কেটে দেওয়াসহ সব স্থাপনা গতকালের মধ্যে অপসারণের জন্য হাট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘নদ-মহাসড়কের পাশে অস্থায়ী গরুর হাট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

বিআইডব্লিউটিএর ওই চিঠিতে বলা হয়েছে, রাজধানীর উত্তরার ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউ–সংলগ্ন উত্তরা রানাভোলা সুইচগেট পর্যন্ত পশুর হাট ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এটি বিআইডব্লিউটিএ টঙ্গী নদীবন্দরের অধীন তুরাগ নদের ভূমি এবং বিশ্ব ইজতেমার মজলিশের জায়গা। ফলে এখানে হাট বসলে গরু কিংবা ছাগলের মলমূত্রে জায়গাটির পবিত্রতা নষ্টসহ নদের পরিবেশ দূষিত হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বন্দর আইন ১৯৬৬–এর অনুচ্ছেদ ৫৪ (এ) অনুযায়ী, কোনো ব্যক্তি বন্দর এলাকায় নৌযান চলাচলের যোগ্য জলপথের তলদেশ বা উপকূলে কোনো ধরনের নির্মাণ বা খননকাজ–সংশ্লিষ্ট দপ্তরের লাইসেন্স বা অনুমতি ব্যতীত করতে পারবে না। সে হিসেবে হাটটির কার্যক্রম বিধিসম্মত নয়। তাই চিঠি পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে হাটটি অন্য জায়গায় সরানোর অনুরোধ করা হলো।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে আজ বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহে আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর পুনরায় দুপুর ১২টা ৩৬ মিনিটে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও তিনি কোনো উত্তর পাঠাননি।

আরও পড়ুন