পোশাকশ্রমিকদের উসকে দিয়ে অরাজকতার চেষ্টা চালালে কঠোর ব্যবস্থা: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর, সাভার ও গাজীপুরের সহিংসতাকবলিত পোশাক কারখনাগুলো পরিদর্শন শেষে র‌্যাবের সংবাদ সম্মেলন। শনিবার সাভারের নবীনগরে র‌্যাব-৪ সিপিসি-২ কার্যালয়ে
ছবি: প্রথম আলো

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, দুষ্কৃতকারীরা যেন পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কোনো দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল পোশাকশ্রমিকদের উসকে দিয়ে নাশকতা ও সহিংসতার চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার বেলা ১১টার দিকে সাভারের নবীনগরে র‍্যাব-৪ সিপিসি-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খন্দকার আল মঈন। ঢাকার মিরপুর, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সহিংসতাকবলিত পোশাক কারখানাগুলো পরিদর্শন শেষে সহিংসতা প্রতিরোধে র‍্যাবের গৃহীত পদক্ষেপ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ খাত শুধু দেশের বৈদেশিক মুদ্রার অর্জনকেই সমৃদ্ধ করেনি, একই সঙ্গে প্রায় অর্ধকোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে, যার মধ্যে অধিকাংশই নারী। এ খাত দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন এবং তৃণমূল পর্যায়ের মানুষের ক্রয়ক্ষমতা বাড়িয়েছে। এই পোশাকশিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল বা দুষ্কৃতকারীরা উঠে পড়ে লেগেছে। যারা এই পোশাকশিল্পকে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে, তাদের অনেককেই আমরা শনাক্ত করেছি। বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।’

আরও পড়ুন

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ পোশাক খাতকে উন্নত করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে জানিয়ে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, শ্রম আইন সংস্কার করা হয়েছে। পোশাকশ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড পোশাকশ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজেএমইএ ও বিকেএমইএ একটি মজুরি কমিটি গঠন করেছে। এই কমিটি নভেম্বর মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঠিক করবে, যা ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। শ্রমিকদের কল্যাণের জন্য কেন্দ্রীয় তহবিলও গঠন করা হয়েছে।

আরও পড়ুন

খন্দকার আল মঈন বলেন, গত ২৮ অক্টোবর থেকে দেশের বিভিন্ন গার্মেন্টসের পোশাকশ্রমিকেরা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল পোশাকশ্রমিকের মৃত্যুর গুজব ছড়ায়। ৩১ অক্টোবর রাজধানীর মিরপুরের একটি গার্মেন্টসে সংঘর্ষে জোছনা নামের এক পোশাকশ্রমিককে হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায় তারা। এ গুজবকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে র‍্যাব ১ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কালশী এলাকায় ওই নিখোঁজ শ্রমিক জোছনা বেগমকে খুঁজে পায় র‌্যাব। তিনি সুস্থভাবে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

পোশাকশ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোনো দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের উসকানি, মিথ্যা তথ্য, গুজব বা প্রলোভনে পরে আন্দোলন, দাঙ্গা, হাঙ্গামা, কারখানায় অগ্নিসংযোগসহ কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হবেন না।’

আরও পড়ুন