খুলনায় ভ্যানে থাকা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চালকও গুলিবিদ্ধ
খুলনা নগরের আড়ংঘাটায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ (৫৫) ও ভ্যানচালক মো. খালেক (৬৫)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোলায়মান ঘের ব্যবসার পাশাপাশি আগ্রহীদের নিয়ে বড়শি দিয়ে মাছ ধরার আয়োজন করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে খালেকের ভ্যানে করে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সোলায়মানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মানের পা, হাত ও ঘাড়ে তিনটি গুলি লাগে। অন্যদিকে ভ্যানচালক খালেকের বাঁ হাতে একটি গুলি লাগে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
সোলায়মানকে লক্ষ্য করেই গুলি করা হয়েছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়। তিনি প্রথম আলোকে বলেন, ভ্যান ও মোটরসাইকেল চলমান থাকায় গুলি ভ্যানচালকের শরীরেও লাগে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।
২২ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ২৭ দিনে খুলনায় অন্তত ১৪টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে ৯ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে ২৭ দিনে ৯টি হত্যাকাণ্ডের ৫টি ঘটেছে খুলনা নগরে। বাকি চারটির মধ্যে তিনটি রূপসা উপজেলায় ও একটি ডুমুরিয়ায়।