২২ দিনে গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত, গুলির ঘটনা ১৩ বার, খুলনায় আতঙ্ক
খুলনায় গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এই সময়ে গুলিবিদ্ধ হয়ে ছয়জনসহ নয়জন নিহত।
মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ছয়জন। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি চালাচ্ছে অপরাধী গোষ্ঠীগুলো। কখনো সড়কে, কখনো চায়ের দোকানে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ঘটছে এসব ঘটনা। আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধে চলা অস্ত্রবাজি থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষও।
২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২২ দিনে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে অন্তত ১৩ বার। এর মধ্যে একটি ঘটনায় চাঁদার দাবিতে ক্লিনিকে ফাঁকা গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। গুলিতে ছয়জন নিহত হওয়ার পাশাপাশি খুলনায় গত ২২ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে ২২ দিনে নয়টি হত্যাকাণ্ডের মধ্যে পাঁচটি ঘটেছে খুলনা নগরে, বাকি চারটির তিনটি রূপসা উপজেলায় এবং অন্যটি ডুমুরিয়ায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি করে মোট ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জাকির পেশায় ইট-বালুর ব্যবসায়ী। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির (বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটি) সদস্য ছিলেন।
দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার বাঁ পাঁজরের নিচে লাগে। নগরে সাধারণ মানুষের চলাফেরা অনিরাপদ হয়ে উঠেছে।মশিউর রহমান, হিসাবরক্ষক, রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়
গতকাল বিকেলে রূপসার উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকির হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ শেষে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু সাংবাদিকদের বলেন, ‘খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে, তারা মাদকের বাজার বসিয়েছে। কেউ প্রতিবাদ করলেই তাঁকে হত্যা করছে। এ পর্যন্ত তারা আমাদের ৮-১০ জন নেতা–কর্মী হত্যা করেছে।’
সন্ত্রাসীদের তালিকা করে এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য যৌথ অভিযান পরিচালনার দাবি জানিয়ে সিটি প্রশাসক বলেন, ‘তা না হলে কেউ বাঁচবে না। কারোরই জীবন রক্ষা সম্ভব হবে না, যদি আমরা এখনই শক্ত পদক্ষেপ না গ্রহণ করি।’
একের পর এক গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের তথ্যও আসছে। তবু গুলি ও হত্যার ঘটনা বন্ধ হচ্ছে না। অন্যদিকে চাঁদার দাবিতে ওষুধের দোকান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার একাধিক ঘটনা ঘটেছে।
চাঁদাবাজি ও খুনোখুনির ঘটনা থামানো যাচ্ছে না কেন? প্রথম আলোর এমন প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করতে চাননি খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে গত মঙ্গলবার খুলনায় মানববন্ধন হয়েছে। নগরের সাত রাস্তা মোড়ে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির জন্য পুলিশ–প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে, তারা মাদকের বাজার বসিয়েছে। কেউ প্রতিবাদ করলেই তাকে হত্যা করছে। এ পর্যন্ত তারা আমাদের ৮-১০ জন নেতা–কর্মীকে হত্যা করেছে।নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি করপোরেশন
মানববন্ধনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তফা কামাল বলেছিলেন, স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চাঁদা না পেলে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে সেগুলো বন্ধ করে দিচ্ছে। এসব ঘটনায় পুলিশকে ফোন করেও তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাচ্ছে না।
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি খুলনা মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়, নগরের টুটপাড়ার চয়নিকা ফার্মেসি ও রূপসার মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন এলাকার ফার্মেসি ব্যবসায়ীদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনায় কয়েকটি ফার্মেসি বন্ধ রয়েছে। আগামী তিন দিনের মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে খুলনার সব ফার্মেসি বন্ধসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে তারা।
চাঁদা দাবির ঘটনায় গত সোমবার থেকে বুধবার পর্যন্ত নগরের রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ ছিল। একই এলাকার আরও সাত থেকে আটটি ওষুধের দোকান বন্ধ করে দেন মালিকেরা। বৃহস্পতিবার পুলিশের আশ্বাসে সেগুলো খুলেছে। তবে টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে।
মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ
পুলিশের একাধিক সূত্র বলছে, খুলনায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের অধিকাংশের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের মতো কারণ রয়েছে। তবে এই অস্ত্রবাজিতে সাধারণ মানুষও হতাহত হচ্ছেন।
বেশির ভাগ হত্যাকাণ্ড ও গুলির ঘটনার পেছনে মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধ কাজ করেছে। খুলনায় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে।মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, উপকমিশনার, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ
৮ নভেম্বর রাতে খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মশিউর রহমান। তিনি মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে মশিউর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার বাঁ পাঁজরের নিচে লাগে। নগরে সাধারণ মানুষের চলাফেরা অনিরাপদ হয়ে উঠেছে।’
বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
এর আগে ৫ নভেম্বর দুপুরে ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলায় একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ নামের এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তরিকুল ঘের ব্যবসায়ী ছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখের ছেলে। ওই ঘটনায় কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার না হলেও ঘটনাস্থল থেকে রিভলবারের দুটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
তরিকুলের বাবা আবদুস সালাম শেখ বলেন, বিল ডাকাতিয়ার উত্তর বিলে ৪২ বিঘা জমি ইজারা নিয়ে মাছ চাষ করতেন তাঁর ছেলে। স্থানীয় কিছু লোক ছেলের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তবে কারা চাঁদা চেয়েছিল, সে বিষয়ে তরিকুল পরিবারের কাউকে কিছু বলেনি।
গত ২৭ অক্টোবর দুপুরে নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে একটি টোব্যাকো কোম্পানির ডিলার পয়েন্টের সামনে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে কোম্পানির এক কর্মী আহত হন।
২৪ অক্টোবর সন্ধ্যায় নগরের দক্ষিণ টুটপাড়ায় গুলিবিদ্ধ হন কলেজশিক্ষক ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু। চাকরির পাশাপাশি তিনি একটি দোকান চালান। টুটপাড়া গাছতলা এলাকায় তাঁর দোকানে তাঁকে গুলি করা হয়।
পুলিশ বলছে, ঘটনার পেছনে চাঁদাবাজির বিরোধ থাকতে পারে। এ বিষয়ে ধনঞ্জয় কুণ্ডুর পরিবারের কেউ কথা বলতে চাননি।
নেপথ্যে মাদক কারবার, আধিপত্য বিস্তার
পুলিশের একাধিক সূত্র বলছে, খুলনায় সাম্প্রতিক সময়ে অপরাধের বেশির ভাগ ঘটনায় ঘুরেফিরে নয়টি সন্ত্রাসী গ্রুপের নাম এসেছে। তারা আধিপত্য বিস্তারে এতটাই বেপরোয়া যে জনবহুল এলাকাতেও প্রকাশ্যে গুলি করতে দ্বিধা করছে না।
পুলিশের একাধিক সূত্র বলছে, খুলনায় সক্রিয় অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি কোম্পানি, শেখ পলাশের পলাশ গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমায়ুন কবিরের হুমা বাহিনী, শেখ সাইদুর রহমান ওরফে শাওনের টেংকি শাওন গ্রুপ, আরমান শেখের আরমান গ্রুপ, শাকিল শেখের শাকিল গ্রুপ ও নাসিম গ্রুপ। এর মধ্যে নাসিম গ্রুপের প্রধান নাসিমুল গনিকে গত ৪ অক্টোবর দিঘলিয়া উপজেলায় গুলি করে হত্যা করা হয়।
যে ব্যক্তি যত বড় সন্ত্রাসী হোক, যত বড় নেতা হোক কিংবা যার ছত্রচ্ছায়াতেই থাকুক না কেন, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামব।রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য, খুলনা-৩ আসন
২ নভেম্বর রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহের চর এলাকায় আঠারোবেকী নদীর চরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁরা হলেন রাজাপুর এলাকার আবদুল্লাহর ছেলে মেহেদী হাসান ও রেজাউল করিম।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুজনই ‘বি কোম্পানি’ নামে পরিচিত অপরাধী চক্রের সদস্য ছিলেন। ওই গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মাদক কারবারের বিরোধ থেকে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে।
এর আগে ২৭ অক্টোবর বটিয়াঘাটার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাত সাড়ে ১২টার দিকে যুবদল নেতা সোহেল শেখকে গুলি করে দুর্বৃত্তরা। ওই দিন সন্ধ্যায় বটিয়াঘাটার চক্রাখালী বাজারসংলগ্ন এলাকায় যুবদলের সাবেক নেতা অহিদুল ইসলাম ওরফে বাদলকে গুলি করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, বটিয়াঘাটায় দুই যুবদল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাদক কারবার, আধিপত্য বিস্তার এবং জমিজমা কেনাবেচা নিয়ে বিরোধের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, আহত দুজন এখনো ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
এর আগে ২২ অক্টোবর খুলনা নগরে পৃথক ঘটনায় তাওহিদুল ইসলাম ও খুশি আক্তার নামের দুজন গুলিতে নিহত হন। পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তাওহিদুল ‘পলাশ গ্রুপের’ সদস্য ছিলেন। এই গ্রুপের সঙ্গে রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর গ্রুপ বা বি কোম্পানির বিরোধ রয়েছে। অন্যদিকে খুশি আক্তার বি কোম্পানির হয়ে মাদক বিক্রি করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ দুটি হত্যাকাণ্ডের পেছনে মাদকের কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে বলে দাবি পুলিশের।
গত বৃহস্পতিবার রাতে মাদারীপুরের শিবচর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের ভাই শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নূর আজিম বাহিনীর নাম উঠে এসেছে। গ্রেপ্তার শাহারিয়ারের বিরুদ্ধে খুলনা নগরের বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, বেশির ভাগ হত্যাকাণ্ড ও গুলির ঘটনার পেছনে মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরোধ কাজ করেছে। মাদক কারবার, চাঁদাবাজি ও এলাকা দখল নিয়ে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে।
অস্ত্র উদ্ধার হলেও গুলি থামছে না
খুলনা নগর ও জেলায় গুলির ঘটনার পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের তথ্যও দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগর পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৪৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭৮টি গুলি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩১টি বিদেশি পিস্তল ও ৭টি বিদেশি রিভলবার রয়েছে। এসব ঘটনায় অস্ত্র আইনে ৪৮টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৮১ জন।
জেলা পুলিশ গত ২৪ অক্টোবর পর্যন্ত ২৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এসব ঘটনায় ১৮টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৩৮ জনকে।
নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর অনেকগুলো একই ধরনের এবং বেশির ভাগই ভারতে তৈরি। অস্ত্রগুলো সচল অবস্থায় পাওয়া গেছে। এসব অস্ত্রের দাম ১৮ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। নগর গোয়েন্দা পুলিশের অনুমান, নগরে এখনো অন্তত ৩০০টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।
সন্ত্রাস দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মহাসড়ক ও প্রধান সড়কে তল্লাশিচৌকি স্থাপন, ২০০ আনসার সদস্য পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধেও অভিযান জোরদার করা হবে।
গত বৃহস্পতিবার রাতে খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় মহানগর পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান, র্যাব-৬, জেলা পুলিশ, নৌ পুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের (সিটি করপোরেশনের ১৫টি ওয়ার্ড, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন) সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তিনি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর খুলনা সফরের সময় দলের পক্ষ থেকে বিষয়টি তাঁকে জানানো হয়েছিল। অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
খুলনায় কোনোভাবেই সন্ত্রাসীদের দৌরাত্ম্য চান না উল্লেখ করে হুইপ রকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সমস্যার সমাধান করবেন। প্রশাসনের দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের ব্যবস্থা নিতে হবে। রকিবুল ইসলাম বকুল আরও বলেন, ‘যে ব্যক্তি যত বড় সন্ত্রাসী হোক, যত বড় নেতা হোক কিংবা যার ছত্রচ্ছায়াতেই থাকুক না কেন, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামব।’