শাবিপ্রবি উপাচার্যের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা।
আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ মন্তব্য করা হয়।
গত বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে সভাপতির বক্তব্যে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয়, এখানে (বিশ্ববিদ্যালয়) ওপেন কালচার ছিল, ছেলেমেয়েরা যা খুশি, তা-ই করতে পারত। কেউ কিছু বলতে পারত না। কারণ, তাদের বয়স ১৮ বছর। কিন্তু আমি বলেছি, সাড়ে ১০টার মধ্যে হলে ঢুকতে হবে। তারা (শিক্ষার্থী) এটার নাম দিয়েছে তালেবানি কালচার। তালেবানি কালচার নিয়ে আমি খুবই গৌরবান্বিত, এটা নিয়ে থাকতে চাই। আমি ওপেন কালচার চাই না।’
এ নিয়ে ওই দিন প্রথম আলো অনলাইনে ‘তালেবানি কালচার নিয়ে আমি খুবই গৌরবান্বিত: উপাচার্য’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর উপাচার্যের দেওয়া বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির বার্তা প্রেরক বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রনি কান্ত রায়। বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা উপাচার্যের বক্তব্যকে প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, গোটা দুনিয়ার গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষের কাছে তালেবানি শাসন একটি অগণতান্ত্রিক শাসন হিসেবে পরিচিত। সেখানে তিনি (উপাচার্য) তাঁর বক্তব্যের মধ্য দিয়ে সেই শাসনকেও পরোক্ষভাবে সমর্থন জোগালেন। অর্থাৎ শাবিপ্রবি উপাচার্যের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘উপাচার্যের বক্তব্য শিক্ষার্থীদের জন্য চরম অপমানজনক শুধু নয়; এতে চূড়ান্ত পশ্চাৎপদ চিন্তারও বহিঃপ্রকাশ ঘটেছে। বিশ্ববিদ্যালয় একটি মুক্তবুদ্ধি ও গণতন্ত্রচর্চার জায়গা। এখানে ছাত্র-শিক্ষকদের পারস্পরিক বিনিময়ের মধ্য দিয়ে জ্ঞানের সৃজন ও বিকাশ ঘটবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সিনিয়র স্কলার আর শিক্ষার্থীদের জুনিয়র স্কলার হিসেবে দেখা হয়। কিন্তু শাবিপ্রবির উপাচার্যের বক্তব্যে চূড়ান্ত কর্তৃত্বের প্রকাশ পেয়েছে।’