দুই বছর পর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের সেই বাসটি আবার চালু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের বাসটি দুই বছর বন্ধ থাকার পর চালু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুটি কলেজের ব্যবস্থাপনায় পরীক্ষামূলকভাবে বাসটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
সিফাত উদ্দিন বলেন, ২০১৮ সালে বাসটি চালু করার সময় চালক, হেলপার ও জ্বালানি তেলের জন্য দুই বছরের বরাদ্দ দেওয়া হয়। এরপর করোনার কারণে চালক ও সহকারীর বেতন–ভাতার অনিশ্চয়তায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে আজ সকাল থেকে সেটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কলেজশিক্ষার্থীদের জন্য ২০১৮ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বাসটি চালু হয়। দুই বছর ধরে বাসটি বন্ধ থাকায় কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছিল না। তাদের মধ্যে অনেকে দরিদ্র চা-শ্রমিকের সন্তান। এ নিয়ে গত বুধবার ‘প্রধানমন্ত্রীর দেওয়া বাস বন্ধ, বিপাকে দরিদ্র শিক্ষার্থীরা’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর আজ বাসটি চালু করার ঘোষণা আসে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক কমলগঞ্জ সরকারি গণকলেজ ও কমলগঞ্জ আবদুল গফুর চৌধুরী মহিলা কলেজে চা-শ্রমিকদের সন্তানসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি কম দেখেন। অনুপস্থিতির কারণ অনুসন্ধান করে জানা যায়, তাদের প্রতিদিন কলেজে যাতায়াতে ৮০ থেকে ১৫০ টাকা লাগত। এ খরচ চালাতে না পারায় বেশির ভাগ শিক্ষার্থী নিয়মিত উপস্থিত হতে পারত না।
ইউএনও পরে কমলগঞ্জ উপজেলার চা-শ্রমিকদের সন্তানসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাসের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি বাস উপহার দেওয়া হয়। উপহারের বাস দিয়ে উপজেলার সীমান্তবর্তী কুরমা, চাম্পারায়, বাঘাছড়াসহ কয়েকটি চা-বাগানের শিক্ষার্থীরা স্বল্প খরচে যাতায়াত করত।