চাকরি স্থায়ী করার দাবিতে কাফনের কাপড় পরে ‘আমরণ অনশনে’ দুই কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় দিনের মতো ‘আমরণ অনশন’ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা। তাঁদের মধ্যে দুজন কাফনের কাপড় পরে অংশ নিচ্ছেন। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে
ছবি: প্রথম আলো

চাকরি স্থায়ী করার দাবিতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো ‘আমরণ অনশন’ কর্মসূচি অব্যাহত রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া অনশনে দুজন কর্মচারী কাফনের কাপড় পরে অংশ নিচ্ছেন।

এর আগে ১৭ জুলাই থেকে টানা ১৩ দিন অবস্থান ধর্মঘট পালন করার পর গতকাল রোববার থেকে ‘আমরণ অনশন’ শুরু করেন কর্মচারীরা। কর্মচারীদের ভাষ্য, ১৩ দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করার পরও প্রশাসন থেকে কোনো ধরনের কার্যকর বা লিখিত আশ্বাস না পাওয়ায় তাঁরা গতকাল আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছেন।

আজ সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনের ফ্লোরে ত্রিপল বিছিয়ে কাঁথা-বালিশ নিয়ে অনশনে বসেছেন অর্ধশতাধিক কর্মচারী। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে মালি পদে কর্মরত অস্থায়ী কর্মচারী শরিফুল ইসলাম ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের অস্থায়ী কর্মচারী মো. রায়হান কাফনের কাপড় পরে শুয়ে আছেন।

আরও পড়ুন

কর্মচারীদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৪২ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আছেন। তাঁরা আগে দিনপ্রতি ৩৩০ টাকা মজুরি পেতেন। পরে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাঁদের মজুরি ৪০০ টাকা করা হয়। তবে তাঁরা দৈনিক মজুরির বাইরে কোনো বোনাস বা ইনক্রিমেন্ট পান না। ফলে ২০২০ সাল থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। তার পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ চলতি বছরের ২ জানুয়ারি চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। তখন ছয় মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন হল, বিভাগ ও অফিসগুলোয় নিয়োগের মৌখিক আশ্বাসের ভিত্তিতে অনশন স্থগিত করেন তাঁরা। তবে ছয় মাস অতিবাহিত হলেও আশ্বাসের কোনো বাস্তবায়ন না হওয়ায় আবারও অবস্থান ধর্মঘটে বসেছেন কর্মচারীরা।

কাফনের কাপড় পরে অনশনরত শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি; হয় আমাদের চাকরি দিতে হবে, নাহলে মৃত্যু। চাকরি স্থায়ী না হলে এখানেই মৃত্যুবরণ করব। তাই কাফনের কাপড় পরে শুয়ে আছি।’ মো. রায়হান বলেন, ‘কাফনের কাপড় পরে অবস্থান নিয়েছি। যদি মারা যাই, আমাদের লাশ এই রেজিস্ট্রার অফিসের সামনেই যেন মাটি দেওয়া হয়।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, চাকরি স্থায়ী করার সিদ্ধান্ত ইউজিসি থেকে নেওয়া হয়। ২৭ জুলাই ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দীর্ঘ সময় আলোচনা হয়। ওই আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের মধ্যে থেকে ধাপে ধাপে চাকরি স্থায়ী করার জন্য অনুরোধ করে। তবে ইউজিসির চেয়ারম্যান কয়েকটি পদের অনুমোদন দেবেন বলে আশ্বস্ত দিয়েছেন। তবে চেয়ারম্যান ইউজিসির অন্য সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।