ময়মনসিংহে বাবা–ছেলে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ময়মনসিংহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে বাবা ও ছেলে নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভার ও গাজীপুর জেলার জয়দেবপুর থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার বিকেলে সদর উপজেলার চুরখাই গ্রামের আবুল খায়ের (৬০) ও তাঁর ছেলে ফরহাদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গতকাল রাতে নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

আরও পড়ুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুরখাই গ্রামের কামাল হোসেন (৫২), মোসা. জাহানারা (৪০), মো. নাঈম (১৯) ও কামাল হোসেনের ১৫ বছর বয়সী ছেলে।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের আজ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।

কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানায়, চুরখাই গ্রামের ৪০ শতক জমি নিয়ে ওই গ্রামের কামালের সঙ্গে আবুল খায়েরের বিরোধ চলছিল। বুধবার দুপুরে আবুল খায়ের ও তাঁর ছেলে ফরহাদ বিরোধপূর্ণ জমিতে ধানের চারা লাগাতে যান। এ সময় কামালের লোকজন তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কামালের লোকজন আবুল খায়ের ও ফরহাদের বুকে ও পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আবুল খায়ের ও ফরহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।