একই কেন্দ্রে একসঙ্গে ভোট দিলেন নরসিংদী-১ আসনের তিন প্রার্থী, কুশল বিনিময়
নরসিংদী-১ (সদর) আসনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একই কেন্দ্রে একই সময়ে ভোট দিয়েছেন তিন প্রার্থী। আজ ভোটের দিন সকাল সাড়ে আটটার দিকে তাঁরা চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার আগে কেন্দ্র ফটকের সামনে তাঁরা পরস্পর কুশল বিনিময় ও নির্বাচনের খোঁজখবর নেন।
ওই তিন প্রার্থী হলেন ধানের শীষ প্রতীকের খায়রুল কবির, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইব্রাহীম ভূঞা এবং ট্রাক প্রতীকের প্রার্থী শিরিন আক্তার। তাঁরা ওই কেন্দ্রের ভোটার এবং তাঁদের বাড়িও চিনিশপুর ইউনিয়নে।
আজ সকালে চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সাড়ে আটটার দিকে ওই তিন প্রার্থী ভোট আসেন। কেন্দ্রটির ফটকের সামনে তাঁদের হাসিমুখে সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা হাস্যরসে মেতে ওঠেন এবং পরস্পরের খোঁজ নেন।
এ সময় শিরিন আক্তার বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের উদ্দেশ করে বলেন, তাঁর নেতা-কর্মীরা যেন কোনো ঝামেলা না করেন, সেদিকে খেয়াল রাখতে। জবাবে খায়রুল কবির খোকন বলেন, নেতা-কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, কোথাও যেন কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা না হয়। তিনি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের কথাও বলেন।
অন্যদিকে ইব্রাহীম ভূঞা চরদীঘলদী এলাকায় খেয়াল রাখার কথা উল্লেখ করলে খায়রুল কবির বলেন, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে। কেউ বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরিন আক্তার বলেন, অনেক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এদিন এসেছে। তাই সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। ফলাফল যা–ই হোক, তা মেনে নেওয়ার কথাও বলেন। এ সময় খায়রুল কবির ও ইব্রাহীম ভূঞা এতে সম্মতি জানান।
পরে তিনজন একসঙ্গে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খায়রুল কবির খোকন ও মো. ইব্রাহীম ভূঞা একই ভোটকক্ষে যান। ভোট দেওয়ার আগে তাঁরা নির্বাচনী কর্মকর্তা ও এজেন্টদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেন।
এই তিনজন ছাড়াও আসনটিতে আরও পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ হোসেন ভূঞা ও গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ২০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৯৪৫, নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ২৫২ এবং হিজড়া ভোটার ১২ জন।