কেন্দ্রে আসার আগে ভয় ছিল, এসে দেখলাম শান্তিপূর্ণ পরিবেশ: জীবনের প্রথম ভোট দিয়ে বললেন সানাইয়া
রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে কথা হয় এআইইউবির শিক্ষার্থী সানাইয়া ইফফাত ইলমার সঙ্গে। মাত্রই মাসহ ভোট দিয়ে বের হয়েছেন।
সানাইয়ার সঙ্গে কথা হচ্ছিল বেলা ১১টার দিকে।
সানাইয়া ইফফাত প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রে আসার আগে অনেক ভয় হচ্ছিল মারামারি হবে কি না। অনেকে বলেছিলেন, ভোট দিতে অনেক সময় লাগবে, লম্বা লাইন হবে। এসে দেখি শান্তিপূর্ণ পরিবেশ। দুই মিনিটেই ভোট দিয়ে দিলাম। ভেতরে–বাইরে সবাই হেল্পফুল ছিলেন।’
সানাইয়া এবারই প্রথম ভোটার হয়েছেন, ভোটও দিয়েছেন জীবনে প্রথমবার। তিনি বলেন, বাংলাদেশের ভোটটা যেন এমনই শান্তিপূর্ণ হয়, সৌহার্দ্যপূর্ণ হয়।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-১৮ আসনের দক্ষিণখানের এমারত হোসেন আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে কথা হয় মাহিমা ও হাবিবা সুলতানার সঙ্গে।
ভোট দিয়ে কেন্দ্র থেকে একসঙ্গে বের হচ্ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী দুই বান্ধবী আবরার রহমান মাহিমা ও হাবিবা সুলতানা। জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন বলে জানালেন। হাবিনা বললেন, ‘খুব শান্তি লাগছে, শেষ পর্যন্ত যেন এই পরিবেশটাই থাকে।’
মাহিমা জানান, তাঁদের পরিবারের মা–বাবা, ভাই–বোন, দাদাসহ ১০ জন ভোটার। সবাই সকাল সকাল এসে ভোট দিয়েছেন।
হাবিবা সুলতানা জানান, তাঁদের পরিবারের সদস্যসংখ্যা ৭। তাঁরাও ভোট দিতে এসেছেন।
দুজনেই জানান, একই সঙ্গে গণভোট ও জাতীয় সংসদের ভোট নিয়ে কিছুটা বিভ্রন্তিতে ছিলেন। মনে মনে ভয়ও ছিল। কিন্তু ভোট দিতে গিয়ে দেখলেন, সে রকম কিছু নেই। দেড় থেকে দুই মিনিটের মধ্যেই ভোট দেওয়া শেষ হয়েছে।
হাবিবা বলেন, ‘আগে তো সকালেই শুনতাম রাতে ভোট হয়ে গেছে। কেন্দ্রে যাওয়া লাগত না। এখন দেখছি সবাই হাসিমুখে আসছে। ভোট দিয়ে বের হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে।’
একই কেন্দ্রে ভোট দিয়েছেন দক্ষিনখানের বিদুপাড়ার মো. বাচ্চু মিয়া। বয়স ৫৬ বছর। তিনি বলেন, এবার কোনো গ্যাঞ্জাম নেই। ভোট দিতে সময় বেশি লাগেনি। খুব ভালো লাগছে।
দক্ষিণখানের সবচেয়ে বেশি ভোটকেন্দ্র এখানে। এ এস এম মোজাম্মেল হক কলেজ, এমারত হোসেন আদর্শ উচ্চবিদ্যালয়, উত্তরা আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ মিলে মোট ছয়টি কেন্দ্র। ভোটার ১১ হাজার ১১৬ জন। বেলা ১১টা নাগাদ ভোট পড়েছে ২ হাজার ৪৩৬টি।
মোজাম্মেল হক কলেজের প্রিসাইডিং কর্মকর্তা অপু দেবনাথ প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি সন্তোষজনক। এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই।