নাগেশ্বরীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের তিনজন নিহত, আহত ৯
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় তীলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া আক্তার (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী মিয়া (২৮) ও ঢলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাসের চালক লিমন মিয়া (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস কুড়িগ্রাম থেকে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাঁশেরতল এলাকায় মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন।
দুর্ঘটনায় অন্তত নয়জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। তাঁদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওই চারজন হলেন হলেন ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা গ্রামের আবদুল গফুরের ছেলে হামিদুল ইসলাম (২৫), বোর্টহাট গ্রামের আবদুস ছাত্তারের মেয়ে শান্তা, বাগভান্ডার গ্রামের সোহরাব আলোর ছেলে সমের আলী ও ধলডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে জবা (৩৫)।
আহত হামিদুল ইসলামের ছোট ভাই আশরাফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘কয়েক দিন আগে আমার ভাই আঙিনায় পরে গিয়ে ব্যথা পেয়েছিল। আজ রংপুর মেডিকেলে ডাক্তার দেখাতে গিয়েছিল। রাতে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আবদুল্লাহ হিল জামান বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।