ড্রোনে পতাকা উড়িয়ে ব্রাজিল-আর্জেন্টিনার জয় কামনা সমর্থকদের
ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে চারটা। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে শত শত তরুণের জটলা কুমিল্লা নগরের তালপুকুরের পশ্চিম পাড়ে। সবাই একই কাতারে। প্রথমে ড্রোনে ব্রাজিলের পতাকা বেঁধে ওড়ান সমর্থকেরা। পরে আর্জেন্টিনার পতাকা লাগিয়ে ওড়ানো হয়।
প্রিয় দলের জয় কামনা করে এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন কুমিল্লার ফুটবলপ্রেমী তরুণেরা। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনাকে দেখতে চান সমর্থকেরা। রাতে তাঁরা একসঙ্গে দুই দলের ফুটবল খেলা উপভোগ করবেন।
আজ শুক্রবার রাত নয়টায় কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। রাত একটায় আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। পরিসংখ্যানে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও তালপুকুরপাড়ের তরুণদের কাছে পরিসংখ্যান মুখ্য নয়। তাঁরা ব্রাজিল ও আর্জেন্টিনার জয় দেখতে চান। নেইমার, মেসির নাম উচ্চারণ করে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন। তালপুকুরপাড়ের বিপুলসংখ্যক মানুষ এ দৃশ্য উপভোগ করেন।
তরুণদের ভাষ্য, সেমিফাইনালে তাঁরা ব্রাজিল ও আর্জেন্টিনাকে মুখোমুখি দেখতে চান। তাঁদের শৈল্পিক খেলা উপভোগ করতে চান।
তরুণদের এ উদ্যোগের নেপথ্যে আছেন জেলা ক্রিকেট কমিটির সভাপতি মো. সাইফুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের জার্সি পরে পুকুরপাড়ে এসেছি। তরুণেরা কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। ড্রোনে আগে ব্রাজিলের এবং পরে আর্জেন্টিনার পতাকা বেঁধে ওড়ানো হয়। পরে দুই দলের সমর্থকেরা একসঙ্গে জার্সি পরে ছবি তুলেছি। রাতে আমরা একসঙ্গে খেলা দেখব।’
কুমিল্লার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়া লেখক সমিতির সদস্য বদরুল হুদা বলেন, জাতিকে খেলাই এক করতে পারে। খেলায় ভরপুর বিনোদন থাকে। বাংলাদেশের মানুষ খেলা ও উৎসবপাগল। এ দেশের মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলে বিভক্ত। আগে পেলের জন্য ব্রাজিল, এখন নেইমারের জন্য। আগে ম্যারাডোনার জন্য আর্জেন্টিনা, এখন মেসির জন্য। এতে করে পাড়ায় পাড়ায় ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে বলে তিনি মনে করেন।