সুষ্ঠু নির্বাচনের জন্য প্রিসাইডিং কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন নির্বাচন সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার দুপুরে গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ৪৮০ জন প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম
ছবি: প্রথম আলো

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বাংলাদেশ নির্বাচন কমিশন আসন্ন পাঁচটি সিটি নির্বাচনকে ‘টেস্ট ট্রায়াল’ হিসেবে নিয়েছে। এ জন্য নির্বাচনের কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে গাজীপুর সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ৪৮০ জন প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নির্বাচনের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন

প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘আপনারা লোকবল নিয়ে সমন্বিতভাবে কাজ করবেন। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এ ছাড়া ১৯টি সংরক্ষিত মহিলা আসনেও প্রিসাইডিং কর্মকর্তা দেওয়া হয়েছে। আপনার প্রটোকল ব্যাগে অবশ্যই মোবাইল এবং চার্জার রাখবেন। কোনো অবস্থায় যেন ফোন বন্ধ না থাকে। নারী কর্মকর্তারা কীভাবে রাত্রি যাপন করবেন, সেটি আপনারা পরিকল্পনা করবেন। আপনারা নির্বাচনটাকে জাতীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করবেন। ঝড়বৃষ্টি হতে পারে, আবহাওয়া খারাপ থাকতে পারে। সব প্রতিকূলতা কাটিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার নিতে চাই।’

অনুষ্ঠানে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। জাহাংগীর আলম বলেন, সংবাদকর্মীরা প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে কক্ষ পরিদর্শন এবং ছবি (গোপন বুথ ব্যতীত) নিতে পারবেন। তবে সাক্ষাৎকার দিতে হলে অবশ্যই বাইরে গিয়ে দিতে হবে। ভোটকেন্দ্রের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

ফরিদুল ইসলাম আরও বলেন, ‘ভৌগোলিক কারণে নির্বাচনের সামগ্রী বিতরণের জন্য পাঁচটি অঞ্চল তৈরি করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের ওই সব অঞ্চল থেকে নির্বাচনী মালামাল সংগ্রহ করতে হবে এবং ভোট গণনা শেষে সেখানেই বুঝিয়ে দিতে হবে। পরবর্তী সময়ে যত দ্রুত সম্ভব ফলাফলের তালিকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দিতে হবে। এ ছাড়া একটি কপি নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে ইসি বরাবর পোস্ট করতে হবে। নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্রের সব ধরনের ক্ষমতা আপনাদের হাতে ন্যস্ত থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, উপসচিব রাশেদুল ইসলাম, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।