ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিচ্ছে শিশুরা। সম্প্রতি তোলাফাইল ছবি: প্রথম আলো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮৪টি শিশু।

মারা যাওয়া শিশুর নাম আরিশা। সে জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামের আরাফাত হোসেন ও রুমা আক্তার দম্পতির সন্তান। ২১ এপ্রিল হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা সোয়া দুইটার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৮ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৮৫৬টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৫৫ শিশু। মৃত্যু হয়েছে ১৭ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৮৪ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৩ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় আরও নতুন করে হামের লক্ষণ নিয়ে সাড়ে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হামের লক্ষণ ছাড়াও শিশুটির নিউমোনিয়া ছিল। গত ২৪ ঘণ্টায় আরও ২৮ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।