বসতভিটার বাতাসে ভাসছে মানুষ পোড়ার গন্ধ
পুড়ে যাওয়া বসতবাড়ির ধ্বংসস্তূপে পড়ে আছে আধা পোড়া কিছু বইয়ের পাতা। পাশেই পুড়ে যাওয়া জামাকাপড়ে মাছি পড়ছে। সেখান থেকে বাতাসে ভাসছে মানুষ পোড়ার গন্ধ। নিজের বসতবাড়ির ধ্বংসযজ্ঞ দেখছিলেন ওয়ালিউল্লাহ ওরফে অলি বকস। মঙ্গলবার রাতে তাঁর চোখের সামনে পুড়ে যায় বাড়িটি। অগ্নিকাণ্ডে তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার খোকসা গ্রামে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। পোড়া বাড়ির ভিটায় ক্ষতিগ্রস্ত অলি বকসের সঙ্গে কথা হয়।
অলি বকস প্রথম আলোকে বলেন, চোখের সামনে নিমেষেই বাড়িটি পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে নিজেও গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু স্ত্রী ও ছেলেমেয়ের মৃত্যুর খবর শুনে আর হাসপাতালে থাকতে পারেননি। ছুটে আসেন নিজের পোড়া বাড়িতে।
অলি বকস জানালেন, মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি তাঁর বন্ধু আনোয়ারকে নিয়ে বাড়িতে আসেন। শবে বরাত উপলক্ষে বাড়িতে মাংস-রুটি রান্না করা হয়েছিল। বন্ধুকে নিয়ে খেতে বসবেন, এমন সময় শোবার ঘরের বারান্দায় রাখা পাটশোলার বেড়ায় আগুন জ্বলে ওঠে। বিদ্যুতের আলো নিভে যায়। তিনি ও তাঁর বন্ধু আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। পরে জানতে পারেন ঘুমন্ত ছেলে ওমর (৩) ও মেয়ে অমিয়াকে (৯) উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়ে স্ত্রী সোমা আক্তার (২৮) মারা গেছেন। শেষ পর্যন্ত সন্তানদেরও বাঁচাতে পারেননি।
অলি বকসের চাচাতো ভাই আবদুস সামাদ বলেন, আগুন লাগার পর তাঁর ছেলে রাসেল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাঁচবার ফোন দেন। আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। তার আগেই পুরো বাড়ি পুড়ে যায়। আগুন পুরোপুরি নেভানোর পর ভাইবোনের জড়িয়ে ধরা লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মৃত্যুর পরও তাঁদের আলাদা করা যায়নি। একই কবরে দাফন করা হয়েছে। পাশেই পড়ে ছিল তাঁদের মায়ের লাশ। এ দৃশ্য দেখে ওই রাতে গ্রামের কেউ ঘুমাতে পারেননি।
সামাদের স্ত্রী রওশনারা বলেন, শবে বরাতের কারণে আশপাশে পুরুষ মানুষ কেউ ছিলেন না। তিনি চিৎকার করে লোক জড়ো করছিলেন। তাঁর ধারণা, শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে কেউ কেউ বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের কারণে আগুন লাগতে পারে বলে মত দিচ্ছেন।
আজ সকালেও অলি বকসের পোড়া বাড়ির ধ্বংসাবশেষে স্বজনদের জরুরি জিনিসপত্র খুঁজতে দেখা যায়। নিহত অমিয়ার বান্ধবী মোহনা ও প্রতিবেশী সামিয়াকে তার আধা পোড়া বই গোছাতে দেখা গেছে। মোহনা বলে, অমিয়া তার সঙ্গে গ্রামের স্কুলে পড়ত। সে খুব ভালো ছিল। সামিয়া কাঁদতে কাঁদতে বলছিল, ‘অমিয়া আপুর সাথে স্কুলে যেতাম। আপু কখনো স্কুল কামাই দিত না।’
অলি বকসের মা কমেলা বেগম। পুড়ে যাওয়া বাড়ির একটি কক্ষে তিনি বসবাস করতেন। ঘটনার দিন তিনি মেয়ের বাড়িতে ছিলেন। অন্য একটি কক্ষে তাঁর বড় ভাই মোহাম্মদ আলী মাঝেমধ্যে থাকতেন। ঘটনার সময় তিনিও চট্টগ্রামে ছিলেন।
একটি জায়গা দেখিয়ে কমেলা বেগম কাঁদতে কাঁদতে বললেন, তাঁর নাতি-নাতনিদের লাশ ওখানে পড়ে ছিল। তাদের শরীরের কিছু অংশ জামাকাপড়ে আটকে আছে। তাই মাছিরা ভিড় করছে। তিনি বলেন, ‘আমি ব্যাঁচি থাকতে আমার নিষ্পাপ নাতি-নাতনিরা দুনিয়া থ্যাকি চলি যাবি, এটা ভাবতেই পারছি না। আমার নাতনি ডাক্তার হতি চাইছিল। ওর বাপ (অলি) ঢাকায় বাস চালায়। খরচ করতে পারবি কি না, তা নিয়ে আমার কাছে আক্ষেপ করত। এ কথা শুনে ওর বাপ বলত, যত কষ্টই হোক, ওকে আমি ডাক্তার বানাব। আমি ওর কথা শুনে হাসতাম। ওকে বলতাম, তোর কাছে চিকিৎসা নিয়ে যেন মরতে পারি। কিন্তু আমাকে রাখি ও তো চলি গেল। এখন আমার কী হবি?’
অগ্নিকাণ্ডে নিহত সোমার বোনের স্বামী জামিন উদ্দিনের সঙ্গে দেখা হয় অলি বকসের ভাইয়ের বাড়িতে। তিনি বলেন, অলি বকস ন্যাশনাল ট্রাভেলসের বাস চালাতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। তাঁদের সংসারে টাকার অভাব থাকলেও সুখের অভাব ছিল না। হঠাৎ কী থেকে কী হয়ে গেল!
নিহত অমিয়ার বান্ধবী মোহনা ও প্রতিবেশী সামিয়াকে তার আধা পোড়া বই গোছাতে দেখা গেছে।আগুন নেভানোর দায়িত্ব পালন করে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হোসেন বলেন, প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী তাঁদের ধারণা, রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অলি বকসের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে এ–সংক্রান্ত কোনো আলামত তাঁরা পাননি। প্রশাসন না চাওয়ায় ঘটনাটি তদন্ত করেও দেখা হয়নি।